প্রায় ১০ কোটি ডলার ঋণ নিল রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেটওয়ার্ক উন্নয়নে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্ত সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছ থেকে ৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ নিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। রাজধানীর একটি হোটেলে আজ রোববার এ চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: প্রথম আলো
নেটওয়ার্ক উন্নয়নে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্ত সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছ থেকে ৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ নিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। রাজধানীর একটি হোটেলে আজ রোববার এ চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: প্রথম আলো

নেটওয়ার্ক উন্নয়নে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্ত সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছ থেকে ৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ নিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। রাজধানীর একটি হোটেলে আজ রোববার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশি মুদ্রায় রবির এ ঋণের পরিমাণ ৭৯২ কোটি টাকা (ডলার প্রতি ৮০ টাকা হিসেবে)। এ ঋণের সুদের হার ধরা হয়েছে ২ শতাংশ। রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ এ ঋণের জিম্মাদার। রবির আগে ২০১৩ সালে গ্রামীণফোনও আইএফসির কাছে ৩৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ নেয়।

অপারেটরটি বলছে, বাজারে নিজেদের অবস্থান শক্ত করতেই তারা নানা কার্যক্রম হাতে নিয়েছে। আর এই কার্যক্রম সফল করার অংশ হিসেবে ঋণ নেওয়া হচ্ছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে এবং আইএফসি বাংলাদেশের জ্যেষ্ঠ কান্ট্রি অফিসার রেহান রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

রবির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৫-বাংলাদেশে গত দুই বছরে নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটি ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে, যা দেশের সব মোবাইল অপারেটরের মধ্যে সর্বোচ্চ।

রবি এমন সময়ে আইএফসির এ ঋণ নিল যখন আরেক অপারেটর এয়ারটেলের সঙ্গে একীভূত (মার্জার) হওয়ার প্রক্রিয়া চলছে। অপারেটর দুটি এক হলে গ্রামীণফোনের পর এটিই হবে দেশের দ্বিতীয় বৃহৎ অপারেটর।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রবির মোট গ্রাহকসংখ্যা ২ কোটি ৮২ লাখ ৮৮ হাজার। গ্রাহকসংখ্যার হিসেবে রবির দখলে আছে বাজারের ২১ দশমিক ৪৩ শতাংশ।

আজকের এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফাসহ আইএফসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বিটিআরসি দেশের গ্রাহক সেবার মান উন্নয়নে জোর দিচ্ছে। এ চুক্তি টেলিযোগাযোগের মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।