প্রায় ১৯ কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি সই
বাংলাদেশের ১৩টি ও চীনের ৭টি কোম্পানি নিজেদের মধ্যে এ চুক্তি করেছে। এর আওতায় মূলত পাট ও পাটজাত পণ্য, চামড়া ও হিমায়িত খাদ্য রপ্তানি হবে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরে আসার আগে সে দেশের ৭টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে ১৮ কোটি ৬০ লাখ ডলারের ব্যবসায়িক চুক্তি করল বাংলাদেশের ১৩টি কোম্পানি; টাকার অঙ্কে যা প্রায় দেড় হাজার কোটি টাকা। এ চুক্তির আওতায় মূলত বাংলাদেশি কোম্পানিগুলো মূলত চীনে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও হিমায়িত খাদ্য রপ্তানি করবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বাংলাদেশি ও চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ‘বাংলাদেশ-চীন ব্যবসায়িক আলোচনা ও চুক্তি স্বাক্ষর’ শীর্ষক ওই অনুষ্ঠানে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। অন্যদিকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ চীনে বাংলাদেশি সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা দাবি করেন।
চীনের প্রেসিডেন্ট আজ বাংলাদেশে আসবেন। তাঁর সফর উপলক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছে। তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজন করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরো, ইপিবি ও এফবিসিসিআই।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে মাফরুহা সুলতানা বলেন, চীন বাংলাদেশের ৫ হাজার ৫৪টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তবে রপ্তানি ঝুড়িতে সীমিত পণ্যের কারণে বাংলাদেশ এ সুবিধা নিতে পারছে না।
২০১৫-১৬ অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৮৮৪ কোটি ডলার। এ বছর বাংলাদেশ চীনে প্রায় ৮১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানি করেছে প্রায় ৯৬৫ কোটি ডলারের পণ্য। এ বিপুল বাণিজ্য ঘাটতি কমাতে মাফরুহা সুলতানা বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া, এ দেশে যৌথ উদ্যোগে চীনা বিনিয়োগ, বাংলাদেশে পোশাক ও জুতার নকশা প্রশিক্ষণের জন্য দুটি ইনস্টিটিউট নির্মাণে চীনা সহায়তা, চীনের বিভিন্ন মেলায় বাংলাদেশকে বিনা মূল্যে জায়গা বরাদ্দ দেওয়া এবং চীনে বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়মিত সফর নিশ্চিত করার প্রস্তাব দেন।
চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে বলে উল্লেখ করেন আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘সারা বিশ্ব বাংলাদেশে বিনিয়োগে নজর দিয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমরা যুক্তরাষ্ট্র ও জাপান সফরকালে দেখেছি, ওই দুই দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে কতটা আগ্রহী। চীনের প্রেসিডেন্টের সফর বাংলাদেশকে বিশ্বে একটি বিনিয়োগযোগ্য দেশ হিসেবে পরিচিত করাবে।’ এফবিসিসিআই চীনকে ইপিবির প্রস্তাবগুলো বিবেচনার অনুরোধ জানান।
অনুষ্ঠানে ঢাকায় চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়াংইয়াম বলেন, চীন সরকার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা প্রতিষ্ঠায় উৎসাহ দিচ্ছে। এ দেশে চীনা বিনিয়োগ এলে বাণিজ্য ঘাটতি কমাতে তা সহায়ক হবে।
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে লি গুয়াংইয়াম বলেন, ‘বাংলাদেশে ১৬ কোটি মানুষের বসবাস। ভবিষ্যতে বাংলাদেশে শ্রমনির্ভর শিল্পে বিনিয়োগ বাড়বে। যেমনটা ৩০ বছর আগে চীনে হয়েছিল। আমরা একে বলি পপুলেশন প্রফিট (জনসংখ্যাগত লাভ)।’
চীনের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর উপমহাপরিচালক লি চ্যাংইউ বলেন, চীনের বাজার ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। সে দেশে পণ্য আমদানিতে শুল্ক হার কমানো হচ্ছে। ২০০২ সালে চীনে গড় আমদানি শুল্ক ছিল ১৫ দশমিক ৩ শতাংশ, এখন তা ৯ দশমিক ৮ শতাংশ; যা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। তিনি বলেন, ‘বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হতে চায়। আমরা এ দেশের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা বাড়াতে চাই।’
অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনা কোম্পানির মধ্যে অনুষ্ঠিত চুক্তিকে বিনিয়োগ চুক্তি বলে উল্লেখ করা হয়। তবে বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, এর মাধ্যমে মূলত চীনে পণ্য রপ্তানি হবে। চুক্তিতে অংশ নেওয়া একটি প্রতিষ্ঠান এবিসি লেদারের ব্যবস্থাপনা পরিচালক জে এ মজুমদার বলেন, তাঁর কোম্পানি ৬০ লাখ ডলারের একটি চুক্তি করেছে। যার আওতায় চামড়া রপ্তানি হবে। এটি চীনাদের সঙ্গে কোম্পানিটির পঞ্চম চুক্তি।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম ও মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান শেষে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।