আগামী তিন বছরের মধ্যে দেশের খাদ্য মজুদ ব্যবস্থা ২২ লাখ টনে উন্নীত করা হবে। এ জন্য আরও প্রায় ২০০টি খাদ্যগুদাম তৈরি করা হচ্ছে। এতে সাত থেকে আট লাখ টনের খাদ্য মজুদের সক্ষমতা বাড়বে। বর্তমানে ১৪ থেকে ১৫ লাখ টন পণ্য মজুদের ব্যবস্থা রয়েছে। গতকাল মঙ্গলবার খাদ্যগুদাম তৈরির দুটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক মজুদ ব্যবস্থার এসব তথ্য জানিয়েছেন। প্রকল্প দুটি হলো: চট্টগ্রামের হালিশহরে ২৮৩ কোটি টাকা ব্যয়ে ৮৪ হাজার টনের মজুদ ব্যবস্থা গড়ে তোলা এবং ৫৪ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৩৫ হাজার টনের নতুন গুদাম তৈরি। দুই প্রকল্পসহ মোট আট হাজার ২২৭ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৭৫ কোটি টাকা। বাকি পাঁচ হাজার ১৫২ কোটি টাকা পাওয়া যাবে বৈদেশিক সাহায্য হিসেবে। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক জানান, খাদ্যনিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে খাদ্যগুদাম তৈরির জন্য চারটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে দুটি প্রকল্প বাস্তবায়নাধীন। অন্য দুটি অনুমোদন দেওয়া হলো। খাদ্যমন্ত্রী জানান, চট্টগ্রামের হালিশহরে ১৭৬ একর জমির ওপর খাদ্যগুদামটি তৈরি করা হবে। এর কাজ শেষ হবে ২০১২ সালের জুনে। আর অন্য প্রকল্পটির মাধ্যমে সারা দেশে ১৬২টি ছোট খাদ্যগুদাম তৈরি করা হবে। এর মধ্যে এক হাজার টনের ১০৮টি এবং ৫০০ টনের ৫৪টি খাদ্যগুদাম থাকছে। প্রকল্পের কাজ শেষ হবে ২০১৩ সালের জুন মাসে। একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: চার হাজার ২১৫ কোটি টাকা ব্যয়ে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ডেভেলপমেন্ট; রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জন্য এক হাজার ৩২২ কোটি টাকা ব্যয়ের রুরাল ইলেক্ট্রিফিকেশন আপগ্রেডেশন; ৫৪ কোটি টাকার সান্ট কমপেনসেশন অ্যাট গ্রিড সাবস্টেশন বাই ক্যাপাসিটর ব্যাংক ফেইজ-১ (সংশোধিত); ৪৮৩ কোটি টাকার ঈশ্বরদী-বাঘাবাড়ী-সিরাজগঞ্জ-বগুড়া ২৩০ কেভি সঞ্চালন লাইন (সংশোধিত) প্রকল্প; ৬১ কোটি টাকার ইন্টিগ্রেটেড প্রজেক্টেড এরিয়া কো-ম্যানেজমেন্ট (আইপিএসি) নিসর্গ; ৫৪ কোটি টাকার বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ১১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ; ৯০২ কোটি টাকার জয়দেবপুর-ময়মনসিংহ রোড ইমপ্রুভমেন্ট এবং ৬৩৪ কোটি টাকার স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট।