মামলাসংক্রান্ত জটিলতায় শুল্ক ও আয়কর বাবদ প্রায় ২৭ হাজার কোটি টাকা আটকে আছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে এই বিপুল অর্থ পাওনা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এক কর্মশালায় গতকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন এসব কথা বলেন। তিনি এসব অনাদায়ী রাজস্ব বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আদায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, শুল্ক খাতে অনাদায়ী রয়েছে ২২ হাজার কোটি টাকা ও আয়কর খাতে সাড়ে চার হাজার কোটি টাকা। রাজধানীর একটি হোটেলে ‘আয়করবিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এনবিআর ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এনবিআরের ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের সদস্য কালিপদ হালদারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন এনবিআর সদস্য বশির উদ্দিন।এনবিআর চেয়ারম্যান জানান, করসংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতার মাধ্যমে যেমন অর্থের অপচয় হয় তেমনি বছরের পর বছর ঝুলে থাকার কারণে এর সুফলও পাওয়া যায় না। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় ন্যায় বিচারও পাওয়া যায় না। গোলাম হোসেন জানান, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে দুই মাসের মধ্যে এ বিষয়গুলো নিষ্পত্তি করার বিধান রয়েছে। এতে ব্যবসায় খরচ কমার পাশাপাশি হয়রানি কমবে। এর মাধ্যমে স্বচ্ছতা ও দুর্নীতিও অনেকাংশে রোধ হবে বলে উল্লেখ করেন তিনি।এনবিআর চেয়ারম্যান আরও জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এখন পর্যন্ত শুল্ক এবং মূসকের কোনো মামলা আসেনি। কিন্তু এ ধরনের মামলাও এডিআরে আনতে উৎসাহ দিতে হবে। কালিপদ হালদার জানান, গত জুন মাস থেকে এ পর্যন্ত ৪৮টি মামলা এডিআরে এসেছে। এর ১২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআরে আসা মামলাগুলোর রাজস্ব মোট ১৭৪ কোটি টাকা। এর মধ্যে ৮৭ কোটি টাকার রাজস্ব আদায়ের প্রক্রিয়া চলছে। আর ২৫ কোটি টাকা আদায় হয়েছে। রাজস্ব আদায় লক্ষ্য বাড়ছে: চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য আরও আট হাজার কোটি টাকা বাড়ছে। কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, সরকারের উচ্চমহল থেকে মৌখিকভাবে লক্ষ্যমাত্রা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত নির্দেশ পাওয়া যায়নি। প্রসঙ্গত চলতি অর্থবছরে এক লাখ ১২ হাজার ২২৯ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এনবিআর রাজস্ব আদায় করেছে ২৮ হাজার ৬২৪ কোটি টাকা।