প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট নয়: খায়রুল হোসেন
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেছেন, কোনো কোম্পানি যাতে এক টাকাও প্রিমিয়াম নিয়ে প্লে¬সমেন্ট শেয়ার বিক্রি করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বেশ কিছু আইন নতুন করে প্রণয়ন করা হচ্ছে। এ ছাড়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার গঠনে কাজ চলছে।আজ বৃহস্পতির ঢাকার আর্মি গলফ ক্লাবে আয়োজিত ডিএসইর অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খায়রুল হোসেন বলেন, ‘আমরা সবাই পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাজারে উত্থান-পতন থাকবে, এটাই স্বাভাবিক। একটি বড় ধরনের পতনের পর বাজার আগের অবস্থায় ফিরে আসতে অনেক দিন সময় লেগে যায়।’ তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বুকবিল্ডিং পদ্ধতিতে সংস্কার আনা হয়েছে। রাইট শেয়ার ইস্যু নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নতুন করে প্লে¬সমেন্ট নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো কোম্পানি প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে যাতে এক টাকাও প্রিমিয়াম নিতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।অনুমোদিত প্রতিনিধিদের উদ্দেশে খায়রুল হোসেন বলেন, ‘আপনারা বাজারের মূল চালিকাশক্তি। আপনাদের ওপর বাজারের গতিশীলতা নির্ভর করছে। একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে হলে সবাইকে তাঁদের দায়িত্ব পালন করতে হবে। আর তা হলেই একটি শক্তিশালী, সুস্থ ও স্থিতিশীল বাজার গড়ে তোলা সম্ভব হবে; দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে।’ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ও ভালো পুঁজিবাজার গঠন করতে চাই। আর এটা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব।’রকিবুর রহমান আরও বলেন, অনুমোদিত প্রতিনিধিরা ব্রোকার ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে থাকেন। এ ক্ষেত্রে গ্রাহকেরা কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিলে অনুমোদিত প্রতিনিধিদের উচিত তাঁদের সংশোধন করা। গ্রাহকদের সুপরামর্শ দেওয়া।আরও বক্তব্য দেন ডিএসইর পরিচালক আহমেদ ইকবাল হাসান, আহসানুল ইসলাম, মিনহাজ মান্নান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন ও প্রধান প্রচলন কর্মকর্তা জহুরুল আলম।সম্মেলনে এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আরেক সদস্য আবদুস সালাম সিকদার, ডিএসইর পরিচালক, সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন হাউসের অনুমোদিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।