প্রিমিয়ার ব্যাংকের প্রতিবাদ
‘গোঁজামিল করে লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক’—প্রথম আলোর বাণিজ্য পাতায় ১৫ অক্টোবর প্রকাশিত এ প্রতিবেদনের প্রতিবাদ করেছে ব্যাংক। তারা বলেছে, প্রিমিয়ার ব্যাংকের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদনে ২০১২ সালের শেয়ারের বিপরীতে রক্ষিতব্য ৩১ কোটি ২৫ লাখ টাকার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর।
প্রকৃতপক্ষে ২০১৩ সাল শেষে পুঁজিবাজারে বিনিয়োগ করা শেয়ারের বিপরীতে রক্ষিতব্য সঞ্চিতির পরিমাণ বেড়ে ৮১ কোটি ৬১ লাখ টাকা দাঁড়ায়। হিসাবরক্ষণের নীতিমালা অনুযায়ী পূর্বের অনুমিত বা রক্ষিত সব স্থিতি বর্তমান হিসাব তারিখের স্থিতির ওপর নির্ধারিত অঙ্কের সঙ্গে সমন্বয় করা হয়। এখানে গোঁজামিলের সুযোগ নেই। আবেদন ও ব্যাংকের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রভিশন চারটি কিস্তিতে সংস্থানের জন্য অনুমতি দেয়, যা যথাযথভাবে ব্যাংক পরিপালন করে আসছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদে আরও বলা হয়েছে, প্রতিবেদনে ব্যাংকের এমডিকে উদ্ধৃত করে ‘শেয়ারবাজার বিবেচনায় তাদের কিছু করতে হয়েছে’ বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অপ্রাসঙ্গিক ও বিকৃত তথ্য।
প্রতিবেদকের বক্তব্য: প্রিমিয়ার ব্যাংক ২০১৩ সালের জুনভিত্তিতে একটি নিরীক্ষিত আর্থিক হিসাব সংবাদপত্রে প্রকাশ করে। কোনো ব্যাংক অর্ধবার্ষিক নিরীক্ষিত প্রতিবেদন তৈরি করে সংবাদপত্রে ছাপে, এটা অস্বাভাবিক বা ব্যতিক্রম। ২০১২ সালে ব্যাংকটির স্থিতিপত্রে শেয়ারের বিপরীতে যথাযথ প্রভিশন সংরক্ষণ না করায় বাংলাদেশ ব্যাংক তাদের দিয়ে এই নিরীক্ষা প্রতিবেদন ছাপতে বাধ্য করে। সেখানে শেয়ারের বিপরীতে ৩৩ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৯৬৮ টাকার প্রভিশন সংরক্ষণ দেখানো হয়। কিন্তু ২০১৩ সালে স্থিতিপত্রে শেয়ারের বিপরীতে প্রভিশন দেখানো হয়েছে মাত্র পাঁচ কোটি ২৫ লাখ টাকা। শেয়ারও বিক্রি করা হয়নি। বাকি প্রভিশন নেই।
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রিমিয়ার ব্যাংককে কারণ দর্শাতে বলেছে। ব্যাংকও জবাব দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।