প্রিমিয়াম আয় বেড়েছে বিমা কোম্পানিগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি জীবন বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় এক বছরে ৪ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। অন্যদিকে বেসরকারি সাধারণ বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ। ২০১১ সালের তুলনায় ২০১২ সালে প্রিমিয়াম আয়ের এই বৃদ্ধি ঘটেছে।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২৬তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। খবর বাসসের।
রাজধানীর হোটেল পূর্বাণীতে গত শুক্রবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন। এতে অধিকাংশ বিমা কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় জানানো হয়, ২০১২ সালে বেসরকারি জীবন বিমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম হয়েছে ছয় হাজার ২৪৮ কোটি টাকা। ২০১১ সালে যা ছিল পাঁচ হাজার ৯৭৩ কোটি টাকা। এই সময়কালে বেসরকারি জীবন বিমা খাতের লাইফ ফান্ড বেড়ে হয়েছে ১৯ হাজার ৪৫৫ কোটি টাকা। আর কোম্পানিগুলোর মোট সম্পদ হয়েছে ২২ হাজার ৪০৮ কোটি টাকা।
অন্যদিকে সাধারণ বিমা খাতের বেসরকারি বিমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয় ২০১১ সালে ছিল এক হাজার ৭২৭ কোটি টাকা, যা ২০১২ সালে দাঁড়ায় এক হাজার ৮৯৯ কোটি টাকা। এই সময়কালে বেসরকারি সাধারণ বিমা কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৮৯২ কোটি টাকা আর বিনিয়োগ বেড়ে হয়েছে দুই হাজার ৪৩৭ কোটি টাকা।
বার্ষিক সভায় ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এম মঈদুল ইসলাম, প্রভাতী ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান মজুমদার, রূপালী ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক পি কে রায়, কর্ণফুলী ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক হাফিজউল্লাহ, প্রাইম ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. এজাহার হোসেন, ঢাকা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এ কিউ এম ওয়াজেদ আলী, গোল্ডেন লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম মাহফুজুল বারী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানে বেসরকারি বিমা কোম্পানিগুলোর অবস্থাই তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয়খাতের সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনের কোনো তথ্য দেওয়া হয়নি।