প্রিমিয়ার ব্যাংকের পরিচালক কীভাবে ইমরান ইকবাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পদ থেকে মোহাম্মদ ইমরান ইকবালকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে ব্যাংকটিতে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে মোহাম্মদ ইমরান ইকবাল কয়েক বছর ধরে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক আছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল।
ব্যাংক কোম্পানি আইনের ১৫ (৬) ধারায় বলা আছে, কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় ইমরান ইকবাল সাজাপ্রাপ্ত আসামি। ২০০৮ সালে করা দুদকের ওই মামলায় এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী মমতাজ বেগমসহ দুই ছেলে ও এক মেয়েকে সাজা দেন বিশেষ আদালত।
পরে এইচ বি এম ইকবাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে হাইকোর্ট থেকে খালাস পান ২০১১ সালে। খালাসের বিরুদ্ধে আপিল করেও দুদক ২০১৫ সালে এসে তাঁর বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নেয়। তবে ইমরান ইকবালসহ চারজনের আত্মসমর্পণের কোনো তথ্য দুদকের কাছে নেই।
এদিকে, গত ২৮ জুন সোহাগ তালুকদার নামের এক ব্যক্তি ব্যাংকের পরিচালক হিসেবে ইমরান ইকবালের বৈধতার প্রশ্ন তুলে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই এক আদেশে বাংলাদেশ ব্যাংকের প্রতি রুল জারি করেন আদালত।
জানা গেছে, গত সপ্তাহে পাঠানো এ চিঠির কোনো জবাব গতকাল সোমবার পর্যন্ত দেয়নি প্রিমিয়ার ব্যাংক। তবে ব্যাংকটি জবাব দেওয়ার জন্য বাড়তি সময় চায়।
যোগাযোগ করা হলে গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যাংক জবাব দেবে।
প্রিমিয়ার ব্যাংকের পরিচালক হিসেবে ইমরান ইকবালের বৈধতা নিয়ে গত ২৬ নভেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘সাজাপ্রাপ্ত হয়েও ব্যাংক পরিচালক!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।