প্রিমিয়ার লিজিংয়ের পরিচালক ফিরোজ আলমকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালককে বাংলাদেশ ব্যাংক অনিয়মের দায়ে অপসারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালক এ এস এম ফিরোজ আলমকে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ২৬(১) ধারায় গতকাল সোমবার অপসারণ করে।জানা গেছে, ফিরোজ আলম নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং থেকে ৯১ লাখ ২১ হাজার টাকা ঋণ করে একই প্রতিষ্ঠানের শেয়ার কেনেন। পরবর্তী সময়ে ঋণটি খেলাপি হয়ে গেলে তা পুনঃ তফসিল করা হয়। পুনঃ তফসিল করার সময় ঋণের সুদও কমিয়ে আনা হয়। আগে এই ঋণের সুদের হার ছিল ১৪ দশমিক ৫০ শতাংশ। পরবর্তী সময়ে সুদের হার নির্ধারণ করা হয় ১৩ শতাংশ।সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক প্রিমিয়ার লিজিংয়ের পরিচালনা পর্ষদ সভার কার্যবিবরণী পর্যালোচনা করে প্রথম বিষয়টি জানতে পেরে এ বিষয়ে বিশেষ পরিদর্শন চালায়।বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের প্রতিবেদনে বলা হয়েছে, ফিরোজ আলম প্রিমিয়ার লিজিংয়ের পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে প্রভাব বিস্তার করে ঋণ নিয়ে তা দিয়ে আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ার কেনেন। আর পরবর্তী সময়ে ঋণটি পুনঃ তফসিল করার সময় সুদ ১৪ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশে নির্ধারণ করান। এ ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৪(৩) ধারা লঙ্ঘন করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির শৃঙ্খলা, যথাযথ ব্যবস্থাপনা ও জনস্বার্থ পরিপন্থী কাজ হয়েছে।উল্লেখ্য, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৪(৩) ধারা অনুসারে কোনো আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার কিনতে সেই প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোনো আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকে আবেদনের সঙ্গে অঙ্গীকারনামা দিতে হয়। তাতে কোম্পানির শেয়ার কেনার সময় কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়নি এবং ভবিষ্যতেও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার মূলধনের জন্য ঋণ নেওয়া হবে না বলে অঙ্গীকার করতে হয়।এ বিষয়ে যোগাযোগ করা হলে ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, তিনি গতকালই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেন। আজ মঙ্গলবার আবার তিনি বিষয়টি ব্যাখ্যা করে পুনর্বিবেচনার আবেদন করবেন। তিনি বলেন, ‘আমি আসলে কোনো ঋণ নিইনি। আমার ছোট ভাইয়ের একটা ও আমার একটা শেয়ার ছিল। কিন্তু ছোট ভাই শেয়ার নিতে টাকা দিতে পারেনি। সেই শেয়ারটি আমি কিনে নিই।’কিন্তু ঋণটি কীভাবে আপনার নামে এল, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ছোট ভাইয়েরই ঋণ ছিল। সেই টাকা সে দিতে পারেনি। তাই আমি ঋণটি আমার দায় হিসেবে নিয়ে নিই। আবার ভাইয়ের শেয়ারটিও নিই।’আর সুদের হার কমানোর বিষয়ে তিনি বলেন, তাঁদের প্রতিষ্ঠানের ঋণের সুদের হার ছিল ১৭ শতাংশ। পর্ষদ সভায় এটা কমিয়ে ১৫ শতাংশ করা হয়। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্যে ফিরোজ আলম তাঁর ঋণের সুদ ১৪ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশে নামিয়ে আনেন বলে উল্লেখ করা হয়েছে।জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক ফিরোজ আলমকে অপসারণের আগে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ২৬(১) ধারায় কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে নোটিশ দেয়। সেই নোটিশের জবাবে সন্তুষ্ট না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক পরিচালকের পদ থেকে ফিরোজ আলমকে অপসারণ করেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক অগ্রাধিকার খাতে পুনঃ অর্থায়ন সুবিধায় অনিয়ম থাকায় পিপলস লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দলিল উল হককে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে বলে জানা গেছে।