প্রিমিয়ার সিমেন্টের আইপিও আবেদনের তারিখ পেছালো
প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণের তারিখ পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমিয়ার সিমেন্ট মিলসের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাদের আইপিওর চাঁদা গ্রহণের তারিখ ১৮ থেকে ২২ নভেম্বরের পরিবর্তে ১৭ থেকে ২৩ ডিসেম্বর নির্ধারণের অনুমতি দিয়েছে।প্রসঙ্গত, চলতি মাসে চারটি কোম্পানির আইপিওর চাঁদা গ্রহণের অনুমতি দিয়েছিল এসইসি। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে এসইসি। বিনিয়োগকারীরাও এর বিরুদ্ধে অবস্থান নিয়ে কয়েকটি কোম্পানির আইপিওর অনুমোদন বাতিলের দাবি জানান। বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। শেষ পর্যন্ত এসইসি প্রিমিয়ার সিমেন্টের আইপিওর চাঁদা গ্রহণের সময় পরিবর্তন করে।এ ছাড়া আজকের সভায় ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন কর্তৃক সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হিসাবে ধারণকৃত এক কোটি তিন লাখ ২১ হাজার ৮২৫টি শেয়ার আদালতের নির্দেশে বিক্রয়ের আদেশে এসইসির সম্মতি দিয়েছে। তবে ওই শেয়ারগুলো ব্লক মার্কেটে বিক্রির নির্দেশ দেয় এসইসি।