প্রিমিয়ার সিমেন্টের আইপিওর চাঁদা গ্রহণ আজ শুরু হচ্ছে
সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হচ্ছে। আজ থেকে শুরু হয়ে এ চাঁদা গ্রহণ কার্যক্রম চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এর আগে বাজার পরিস্থিতির কারণে কয়েক দফা কোম্পানিটির চাঁদা গ্রহণ কার্যক্রম পেছানো হয়েছিল।কোম্পানিটি আইপিওতে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। কোম্পানিটির শেয়ারের প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ২০০ শেয়ার। সেই হিসাবে প্রতিটি লট শেয়ারের জন্য আবেদনকারীদের জমা দিতে হবে চার হাজার ৪০০ টাকা। কোম্পানিটির আইপিও আবেদনের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে ২০১১ সালের জুন মাসে সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে চার টাকা পাঁচ পয়সা। এরই মধ্যে চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির আরও একটি হিসাববছর শেষ হয়েছে, যেটির আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। এদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকায় কোম্পানিটি ব্যাংকের পাওনা পরিশোধ করবে। যদিও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির আগ্রহ দেখায়। কিন্তু এসইসির চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় কোম্পানিটি ব্যাংকঋণের মাধ্যমে তাদের নতুন দুটি ইউনিট স্থাপনের কাজটি সম্পন্ন করে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে আমাদের নতুন দুটি ইউনিটে পুরোপুরিভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়ে গেছে। এতে উৎপাদন ক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়েছে।’ কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, ২০১১ সালের হিসাব বছর শেষে এটির বার্ষিক রাজস্বের পরিমাণ ছিল প্রায় ৩৪৩ কোটি টাকা। ২০১২ সালে এটি বেড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যানশিয়াল সার্ভিসেস। শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে এটি হবে সিমেন্ট খাতের সপ্তম কোম্পানি। অন্য ছয়টি কোম্পানি হচ্ছে: আরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা সিমেন্ট ও এমআই সিমেন্ট। এসব শেয়ারের বর্তমান বাজার মূল্য সর্বনিম্ন ৩৩ থেকে সর্বোচ্চ ২৬০ টাকা পর্যন্ত।