প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণের তারিখ এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত নেয়।সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ১৮ তারিখ থেকে প্রিমিয়ার সিমেন্টের আইপিওর চাঁদা গ্রহণ কার্যক্রম শুরুর কথা ছিল। পরবর্তী সময়ে কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ১৭ থেকে ২৩ ডিসেম্বর কোম্পানিটি আইপিওর চাঁদা সংগ্রহ করবে। এসইসি সম্প্রতি বেশকিছু নতুন কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়। এর মধ্যে চলতি মাসেই চারটি কোম্পানির চাঁদা গ্রহণের সময় নির্ধারণ করা হয়। এক মাসে চার কোম্পানির চাঁদা গ্রহণের কারণে সেকেন্ডারি বাজারে কিছুটা তারল্যসংকট তৈরি হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে। এমনকি বিনিয়োগকারীরাও আইপিও আবেদনের সময় পিছিয়ে দেওয়ার দাবি তোলেন। একই সঙ্গে তাঁরা প্রিমিয়াম কমিয়ে দেওয়ারও দাবি জানান। এ অবস্থায় এসইসির গতকালের সভায় প্রিমিয়ার সিমেন্টের চাঁদা গ্রহণের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করার কথা। আর চলতি মাসে চাঁদা সংগ্রহের প্রক্রিয়ায় থাকা অন্য দুটি কোম্পানি বাজার থেকে মোট সংগ্রহ করবে প্রায় ২২৫ কোটি টাকা। এ ছাড়া কমিশনের সভায় সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানিকে মূলধন ৫৯ কোটি ২২ লাখ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের পাঁচ কোটি ৯২ লাখের বেশি সাধারণ শেয়ার ছেড়ে এই মূলধন সংগ্রহ করবে। নতুন শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়াবে ১০০ কোটি ৯২ লাখ টাকায়। এসইসি জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নামে নতুন প্রায় ছয় কোটি শেয়ার ইস্যু করা হবে। এদিকে টানা কয়েক দিনের পতনের পর গতকাল শেয়ারবাজারে মূল্যসূচক কিছুটা বেড়েছে। টানা দরপতন থামাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। দিন শেষে প্রতিষ্ঠানটির প্রকৃত ক্রয়ের পরিমাণ ছিল ১৩ কোটি ৪১ লাখ টাকারও বেশি। প্রকৃত ক্রয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল লংকাবাংলা সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটি তিন কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার ক্রয় করে। শেয়ার ক্রয়সংক্রান্ত তথ্য থেকে দেখা গেছে, আইসিবির একক প্রচেষ্টাতেই এই দিন বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে সূচক বাড়লেও লেনদেনের খুব বেশি উন্নতি হয়নি। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে মাত্র পাঁচ কোটি টাকা বেশি।