প্রেফারড ব্যাংকিং চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের চাহিদানুযায়ী ব্যতিক্রমী সেবা প্রদানের লক্ষ্যে প্রেফারড ব্যাংকিং সেবা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই সেবার অধীনে গ্রাহকদের জন্য থাকবে প্রশিক্ষিত রিলেশনশিপ ম্যানেজার ও আকর্ষণীয় রিওয়ার্ড প্রোগ্রাম। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দ্বীপ বোস। এ সময় সন্দ্বীপ বোস বলেন, দেশের প্রবৃদ্ধির সঙ্গে গ্রাহকদের চাহিদাও বাড়ছে। কিন্তু গুরুত্বপূর্ণ গ্রাহকেরা তাঁদের চাহিদামতো সেবা পাচ্ছেন না। সাধারণ গ্রাহকদের চেয়ে তাঁদের চাহিদা ভিন্ন। বিষয়টি মাথায় রেখেই কেবল গুরুত্বপূর্ণ গ্রাহকদের জন্য এ সেবা চালু করা হলো।অনুষ্ঠানে ডিস্ট্রিবিউশন অ্যান্ড পারসোনাল ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক সাব্বির আহমেদ বলেন, ‘আমরা গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই। তাই প্রেফারড ব্যাংকিংয়ের সেবায় গুরুত্বপূর্ণ প্রত্যেক গ্রাহকের জন্য একজন রিলেশনশিপ ম্যানেজার থাকবেন। এতে করে গ্রাহকেরা শাখা থেকে আরও দ্রুত সেবা পাবেন। থাকবে আরও অনেক সুবিধা।’ ব্যাংকের কর্মকর্তারা জানান, গত কয়েক মাস গ্রাহকদের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রেফারড ব্যাংকিংসেবা চালুর পরিকল্পনা করেন তাঁরা। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে একজন রিলেশনশিপ ম্যানেজার, ব্যাংকের যেকোনো শাখায় অগ্রাধিকার ভিত্তিতে সেবা, বর্ধিত হারে টাকা উত্তোলনসহ বিভিন্ন সুবিধা পাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক এ এন এম মাহ্ফুজ, প্রেফারড ব্যাংকিংয়ের প্রধান জুবায়ের এরশাদ, কনজ্যুমার ব্যাংকিংয়ের বিপণন প্রধান আফতাব মাহমুদ খুরশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।