প্রোটন গাড়ি সংযোজন কারখানা হচ্ছে দেশে
বেসরকারি উদ্যোগে দেশে একটি কার অ্যাসেম্বলিং বা মোটরগাড়ি সংযোজন কারখানা চালু হতে যাচ্ছে। চট্টগ্রামের পিএইচপি গ্রুপ প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলায় ৩০ একর জায়গাজুড়ে এই কারখানা নির্মাণ করবে। কারখানাটিতে বছরে ১ হাজার ২০০ মোটরগাড়ি সংযোজন ও বিপণনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই শিল্পগোষ্ঠী।
মালয়েশিয়ার ‘প্রোটন’ ব্র্যান্ডের নতুন গাড়ি সংযোজন করবে পিএইচপি। এ ব্যাপারে তারা প্রোটনের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে। প্রোটনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দাতো আবদুল হারিথ আবদুল্লাহ এবং পিএইচপির পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী চুক্তিতে সই করেন। মালয়েশিয়ার সেলাঙ্গরে প্রোটন সেন্টার অব এক্সেলেন্স কমপ্লেক্সে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রোটনের চেয়ারম্যান মাহাথির মোহাম্মদ এবং ‘পিএইচপি ফ্যামিলি’র চেয়ারম্যান সুফী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
যোগাযোগ করা হলে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারায় ৩০ একর জায়গায় এখন কারখানা নির্মাণের কাজ চলছে। এ বছরের শেষ দিকে কারখানা থেকে গাড়ি সরবরাহের লক্ষ্য আছে আমাদের। প্রথম দিকে গাড়ি সংযোজন কারখানা দিয়ে শুরু করছি। পর্যায়ক্রমে এটাকে সম্পূর্ণ নতুন গাড়ি তৈরির কারখানা হিসেবে চালু করার স্বপ্ন আছে।’
পিএইচপির একজন কর্মকর্তা জানান, মূলত মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখে এই কারখানায় ১ হাজার ৬০০ সিসি ক্ষমতার গাড়ি তৈরি হবে। গাড়ির দাম হবে পাঁচ বছরের পুরোনো টয়োটা ব্র্যান্ডের গাড়ির চেয়ে কম। নতুন গাড়ি হিসেবে জ্বালানি খরচও পড়বে তুলনামূলক কম। আর গাড়িটি চলবে বিশ্ববিখ্যাত টার্বো ইঞ্জিনে।
জানা গেছে, মূলত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও যন্ত্রপাতি আলাদাভাবে আমদানি করে এই কারখানায় সংযোজন করা হবে।
এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, গত ২০১৩-১৪ অর্থবছরে এই বন্দর দিয়ে ১০ হাজার ৫৪৩টি নতুন ও পুরোনো গাড়ি আমদানি হয়েছে। মংলা বন্দর দিয়েও বছরে চার থেকে পাঁচ হাজার গাড়ি আমদানি হয়ে থাকে। আমদানি করা এসব গাড়ির সিংহভাগই পুরোনো সেডান কার। বছরওয়ারি সবচেয়ে বেশি গাড়ি আমদানি হয় ২০০৯ সালে। ওই বছর ৩৫ হাজার ৯৬০টি গাড়ি আমদানি হয়।
পিএইচপি সূত্র মতে, ১৯৮৫ সালে ‘প্রোটন সাগা’ দিয়ে মালয়েশিয়ায় সেডান কারের যাত্রা শুরু হয়েছিল। ওই বছর দেশটিতে এ ব্র্যান্ডের গাড়ি বিক্রি হয়েছিল ১৩ হাজার; যা পরের বছর বেড়ে দাঁড়ায় ছয় গুণেরও বেশি, ৮৩ হাজার। বর্তমানে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, এশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে গ্রাহকদের চাহিদা ও পছন্দ অনুযায়ী গাড়ি নির্মাণ করে থাকে প্রোটন।