প্রকল্প বাস্তবায়নে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল নিয়োগ দিতে হবে। দক্ষ জনবল পাওয়া না গেলে প্রয়োজনে আউটসোর্সিং করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী।
সভায় পরিকল্পনামন্ত্রী চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে জানতে চান। সচিবেরা এ সময় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এ বছর আশানুরূপ এডিপি বাস্তবায়ন হয়েছে বলে তাঁরা মন্ত্রীকে অবহিত করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করেছে। এ অগ্রগতি আরও এগিয়ে নিতে এডিপির সুষ্ঠু বাস্তবায়ন অপরিহার্য। তিনি বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে দক্ষ ও যোগ্য কর্মকর্তা নিয়োগে যত্নশীল হতে হবে। তিনি মনে করেন, মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি পাল্টে যাবে। কাজের পরিধি বেড়ে গেছে, তাই সক্ষমতা বাড়াতে হবে।
সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী, এ এন এম শামসুদ্দিন আজাদ চৌধুরী, আবদুল মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক প্রমুখ।