প্রয়োজনীয় লেনদেন সারতে ব্যাংকে উপচে পড়া ভিড়
ঈদের আগে শেষ লেনদেন দিবসে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকসহ ঢাকার প্রায় অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোয় ছিল উপচে পড়া ভিড়। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ বুধবার থেকে টানা পাঁচ দিনের ছুটির মধ্যে থাকছে ব্যাংকগুলো। তবে বিশেষ ব্যবস্থায় কিছু শাখা (বৈদেশিক লেনদেনে যুক্ত ও বন্দর শাখা) ব্যাংক খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংকগুলোর।গতকাল বেলা আড়াইটার পর মতিঝিলে এক বাণিজ্যিক ব্যাংকের শাখার কলাপসিবল গেটে উঁকি দিয়ে দেখা গেছে শ-খানেক গ্রাহক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। দিলকুশায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিচে দুই দিকে মুখ করেও সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন গ্রাহক এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ডে টাকা তোলার জন্য। একইভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথে সারি ধরে দাঁড়িয়ে গ্রাহক টাকা তুলেছেন।টানা বন্ধের আগে ও ঈদের জন্য প্রয়োজনীয় খরচের টাকা তুলতে গতকাল ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় গ্রাহকদের এভাবে ভিড় করে থাকতে দেখা যায়।ঈদের উৎ সবে নিকটজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ইতিমধ্যেই ঢাকার লাখ লাখ মানুষ গ্রামমুখী হয়েছেন। আনন্দ-উৎ সবে প্রিয়জনদের উপহার দিতে কেনাকাটার ধুম চলছে রাজধানীসহ দেশের ছোট-বড় সব ধরনের বাজারে। ঢাকা শহরে তীব্র যানজট নৈমিত্তিক ব্যাপার। গতকাল এই যানজট আরও বাড়ে। তার মধ্যে ঈদের উৎ সবে মানুষের মধ্যে ব্যতিব্যস্ততা তৈরি করেছে। এসব সত্ত্বেও অনেক গ্রাহককে গতকাল ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাটাতে হয়েছে।ঈদের আগে বেশি টাকা উত্তোলন হয় বলে ব্যাংকগুলোতে নগদ অর্থের টানাটানি থাকে। তবে কয়েক বছরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে তারল্যের টানাটানি তুলনামূলক কম ছিল। তার পরও বিশেষত প্রাথমিক ডিলার (পিডি) ব্যাংকগুলোতে নগদ অর্থের ঘাটতি দেখা দেয়। এটা হয়েছে এই ব্যাংকগুলোর কাছে সরকারের ঋণের জন্য বেশি পরিমাণ ট্রেজারি বিল রেখে ঋণ করায়।বাংলাদেশ ব্যাংক অবশ্য ব্যাংকগুলোকে বিশেষ রেপো দিয়েছে। তার পরও মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের হার (কলমানি রেট) গতকাল সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ওঠে। যদিও সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় ব্যাংক এক ধরনের নির্দেশনা দিয়ে এই সুদের হার বেঁধে রেখেছিল।গতকাল মুদ্রাবাজার থেকে টাকা ধার করেছে মূলত এই পিডি ব্যাংকগুলো। আর টাকা ধার দিয়েছে পূবালী, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংক এনএ।আগের দিন রোববার পবিত্র শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ ছিল। এ পরিস্থিতিতে কোনো কোনো শাখা ব্যাংকে গতকাল হঠাৎ নগদ টাকা ফুরিয়ে যাওয়ায় গ্রাহককে অপেক্ষা করতে হয়েছে আরেক শাখা থেকে অর্থ আসার আগ পর্যন্ত।মতিঝিলে একটি ব্যাংক শাখা থেকে বের হয়ে এসে গ্রাহক আলী আহমেদ জানান, তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে টাকা তুলতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় গতকাল সকাল থেকেই গ্রাহকের লম্বা সারি ছিল। তবে বিশেষত বড় শাখা ব্যাংকগুলোতেই ছিল অধিক ভিড়। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলাতে স্থানীয় কার্যালয়ে ছিল বেশি ভিড়। এটি দেশের সবচেয়ে বড় শাখা ব্যাংক।একজন গ্রাহক জানান, মিরপুর থেকে এসে প্রায় এক ঘণ্টা সময় লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলেছেন। সোনালী ব্যাংকের এই শাখা থেকে বিভিন্ন শাখায় অর্থ পাঠানো ও সাধারণ উত্তোলন নিয়ে ১২০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বলে জানান শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা। স্বাভাবিক সময়ে এই শাখাতে প্রতিদিন ৮০-৯০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়।এই শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রাহকের চাহিদা মেটাতে তাঁরা ব্যাংকিং সময় (বেলা আড়াইটা) শেষেও লেনদেন করেছেন।একইভাবে কারওয়ান বাজারে একটি বেসরকারি ব্যাংকের শাখায় বিপুল পরিমাণ ভিড় দেখা গেছে। ডাচ্-বাংলা ব্যাংকের কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মোশাররফ হোসেন জানান, ‘দীর্ঘ সময় ধরে আমরা গ্রাহকের চাহিদা অনুসারে টাকা দিয়েছি। বেলা আড়াইটার পরও লাইনে থাকা গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া হয়েছে। কোনো সমস্যা হয়নি।’এদিকে গত কয়েক দিনের মতো গতকালও বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় দীর্ঘ লাইনে ভিড় করে গ্রাহককে নতুন টাকার নোট সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঈদে প্রিয়জন বিশেষত শিশুদের হাতে নতুন টাকা তুলে দিতে গ্রাহকদের এই আগ্রহ। এবার বঙ্গবন্ধুর ছবিসংবলিত বিভিন্ন অঙ্কের নতুন নোট বাংলাদেশ ব্যাংক বাজারে ছেড়েছে। এই নতুন নোটের প্রতিই গ্রাহকের আগ্রহ দেখা গেছে।এই নতুন নোটের ব্যবসাও হয়েছে জমজমাট। বাংলাদেশ ব্যাংকের সামনেও এই নোট কেনাবেচা হয়েছে। আবার নতুন নোট বিক্রির এক ধরনের হাট তৈরি হয়েছে গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকায়। সেখানেও এই নোট কেনায় আগ্রহ দেখা গেছে গ্রাহকদের।খুলনা অফিস জানায়, ঈদকে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোতে গতকাল সোমবার উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।কোনো কোনো ব্যাংকে টাকা তোলার জন্য বাইরে রাস্তায় পর্যন্ত লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে গ্রাহকদের। নগদ টাকা তোলার জন্য একই অবস্থা দেখা গেছে এটিএম বুথগুলোর সামনেও।ঈদ উপলক্ষে দিন পাঁচেক ছুটি থাকবে। সে জন্য ওই সময় টাকার প্রয়োজন মেটাতে অনেকেই নগদ টাকা তুলতে ব্যাংকে ভিড় করেন।