সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপনের পর এর সঙ্গে সংযোগ স্থাপনে প্রয়োজনে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই স্থাপন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।এসইসি সূত্রে জানা যায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে পুঁজিবাজার তদারকির জন্য একটি নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করতে যাচ্ছে। সফটওয়্যারটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন তদারক করবে।বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জ দুই ধরনের সফটওয়্যারের মাধ্যমে লেনদেন তদারক করে থাকে।এসইসির নতুন সার্ভিলেন্স সফটওয়্যার চালু হলে এর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এপিআই প্রয়োজন হবে। সিএসইর বর্তমান সফটওয়্যারের এ সক্ষমতা থাকলেও ডিএসইর সফটওয়্যারের তা নেই।ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, গত সপ্তাহে এসইসিতে সার্ভিলেন্স সফটওয়্যার সম্পর্কিত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সফটওয়্যারটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ডিএসইর লেনদেনের প্রক্রিয়ায় ব্যবহূত বর্তমান সফটওয়্যারে এপিআই স্থাপনের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। ওই বৈঠকে ডিএসইর প্রতিনিধিরা অংশ নেন।এসইসি নভেম্বরের মধ্যে নতুন সার্ভিলেন্স সফটওয়্যার চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে এই সফটওয়্যার সরবরাহকারী কোম্পানির সঙ্গে ‘গ্যাপ অ্যানালাইসিস’ সম্পন্ন হয়েছে।এসইসির পক্ষ থেকে এপিআই স্থাপনের বিষয়ে ডিএসইকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।গত বুধবার ডিএসইকে দেওয়া এসইসির চিঠিতে বলা হয়, এসইসির নিজস্ব সফটওয়্যার চালু করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে সমসাময়িক অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তাই আগামী দুই মাসের মধ্যে ডিএসইকে এপিআই-সংক্রান্ত জটিলতা নিরসন করতে হবে।এ বিষয়ে ডিএসইর সিইও বলেন, ‘এসইসির চিঠি আমার কাছে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর বিষয়টি বোর্ডে জানানো হবে। বাজারের স্বার্থে প্রয়োজনে এপিআই স্থাপন করা হবে।’নিজস্ব সার্ভিলেন্স সফটওয়ার না থাকায় এত দিন ডিএসই ও সিএসইর সার্ভিলেন্স সফটওয়্যারের সহায়তায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করত এসইসি। ২০১০ সালে বাজার ধসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসইসিকে নিজস্ব সফটওয়্যার চালুর সুপারিশ করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, এসইসির সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে গ্যাপ অ্যানালাইসিস সম্পন্ন হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে এটি চালু করা হবে।