প্লট ২০২, শিল্প-কারখানা ১১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর উত্তরা ইপিজেড
নীলফামারীর উত্তরা ইপিজেড

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মূল ফটক হয়ে একটু সামনে এগিয়ে গেলেই ডান দিকে চোখে পড়বে কয়েক শ বাইসাইকেল। এসব সাইকেলে চড়ে শ্রমিকেরা প্রতিদিন এই ইপিজেডে কাজ করতে আসেন।
কিন্তু পার্কিংয়ে থাকা সাইকেলের সংখ্যা এর কয়েক গুণ হতো, যদি ইপিজেডের সব কটি প্লটমালিকই এখানে শিল্প-কারখানা গড়ে তুলতেন।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) বেপজার তথ্য অনুযায়ী, উত্তরা ইপিজেডে প্লট আছে ২০২টি। তবে শিল্প-কারখানা হয়েছে মাত্র ১১টি। আর নয়টি প্লটে এখন শিল্প গড়ে তোলা হচ্ছে। সব মিলিয়ে শিল্প-কারখানার সংখ্যা দাঁড়ায় ২০টিতে। অর্থাৎ অধিকাংশ উদ্যোক্তাই প্লট নিয়ে তা ফেলে রেখেছেন।
যোগাযোগ করলে উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক আক্তার আলম মুস্তাফী কথা বলতে রাজি হননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো তথ্য না দিতে বেপজা থেকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’ এরপর ই-মেইলে যোগাযোগ করলে বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনেত আলমগীর ই-মেইলে পাঠানো উত্তরে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শিল্পপ্রতিষ্ঠানকে নির্মাণকাজ শুরু করতে হয়। অনেক সময় শিল্পের অবকাঠামো উন্নয়ন ও সম্ভাব্যতা যাচাইয়ে বেশি সময় লাগে। তাই নির্মাণকাজ সময়মতো শুরু করা যায় না।
নীলফামারী জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে নীলফামারী-সৈয়দপুর সড়কের পাশেই উত্তরা ইপিজেড। রেলওয়ের জমি অধিগ্রহণ করে ২০০১ সালে এটির কাজ শুরু হয়। এর মোট আয়তন ২১২ একর।
ইপিজেড কর্তৃপক্ষ ৩০ বছরের জন্য উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেয়। বছরে এসব প্লটের ভাড়া প্রতি বর্গমিটারের জন্য এক ডলার ২৫ সেন্ট। ইপিজেড কর্তৃপক্ষ এক হাজার ৮০০ বর্গমিটার আয়তনের কারখানাও তৈরি করেছে। এর প্রতি বর্গমিটারের মাসিক ভাড়া এক ডলার ৬০ সেন্ট।
উত্তরা ইপিজেডের শিল্প-কারখানাগুলোর মধ্যে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন পাঁচটি ও দেশীয় ছয়টি এবং বাস্তবায়নাধীন কারখানার মধ্যে তিনটি বিদেশি, একটি যৌথ মালিকানার ও পাঁচটি দেশীয় উদ্যোক্তাদের প্রতিষ্ঠান।
এ ইপিজেডের প্রথম প্লটটি কিনেছিলেন আমেরিকাপ্রবাসী সৈয়দপুরের ব্যবসায়ী পারভেজ খান। নিউইয়র্কে তৈরি পোশাকের দোকান থাকলেও দেশে কিছু করার তাগিদ থেকে ফিরে এসে ২০০৭ সালে উত্তরা ইপিজেডে গড়ে তুলেছিলেন কেপি ইন্টারন্যাশনাল। এখানে তৈরি হয় সোয়েটার। গত এপ্রিলে তিনি মারা যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন তাঁর ছোট ভাই শাহনেওয়াজ খান। তিনি প্রথম আলোকে জানান, বছরে ১২ থেকে ১৫ লাখ পিস সোয়েটার হংকংয়ে রপ্তানি করছেন তাঁরা।
উত্তরা ইপিজেডে বিশ্বমানের পরচুলা, কৃত্রিম দাড়ি-গোঁফ তৈরি করছে এভারগ্রিন প্রডাক্টস লিমিটেড। সেখানে সাড়ে তিন হাজার শ্রমিক দুই শিফটে কাজ করেন। এই প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি হচ্ছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে।
এ বিষয়ে বেপজার জনসংযোগ মহাব্যবস্থাপক বলেন, ‘সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় কোনো প্রতিষ্ঠান বেশিসংখ্যক প্লট বরাদ্দ নিলেও প্রস্তাব অনুযায়ী বার্ষিক প্রকল্প সম্প্রসারণ করে। সে কারণে একসঙ্গে সব প্লটে শিল্প-কারখানা হয় না।’
তবে অনেক উদ্যোক্তাই এখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। একাধিক শিল্পপ্রতিষ্ঠানের মালিক সিদ্দিকুল আলমের সোয়েটার কারখানা নির্মাণের কাজ চলছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে যত কম খরচে সোয়েটার বানাতে পারব, দেশের আর কোথাও তা করা যাবে না।’
তবে সম্ভাবনাময় এই ইপিজেড প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও এখনো গ্যাস-সুবিধা এসে পৌঁছায়নি। ফলে অনেক বিনিয়োগকারী আসছেন না। এ জন্য বর্তমান বিনিয়োগকারীরাও হতাশ। সোয়েটার কারখানা ডিয়াজ স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ব্যবস্থাপক মীর জসিম উদ্দিন বলেন, নিটিং থেকে মেন্ডিং এখানে করা হয়। কিন্তু গ্যাস না থাকায় এখানে ওয়াশিং ও ফিনিশিং করা যায় না। এগুলো করতে ঢাকায় পাঠাতে হয়। গ্যাস থাকলে এখানেই সব কাজ সেরে রপ্তানি করা যেত।
কেপি ইন্টারন্যাশনালের শাহনেওয়াজ খান বললেন, ‘গ্যাস থাকলে এবং চিলাহাটি স্থলবন্দরটি চালু থাকলে আমাদের কাজে আরও গতি থাকত।’
শিল্পোদ্যোক্তারা জানান, নীলফামারীর চিলাহাটি স্থলবন্দর চালু হলে ভারত থেকে যেমন সহজে কাঁচামাল আনা যেত, তেমনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এখানকার পণ্য রপ্তানিও সহজ হতো। কারণ, উত্তরা ইপিজেড থেকে চট্টগ্রাম বন্দর ৬৫০ কিলোমিটার আর মংলা বন্দর ৫৮৬ কিলোমিটার দূরে। এটাও এখানে বিনিয়োগ বিনিয়োগ না হওয়ার ক্ষেত্রে একটি বড় কারণ।