প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করল ন্যাশনাল ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ন্যাশনাল ব্যাংক এবার চালু করল মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড।
রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে গত বুধবার রাতে এ কার্ডের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ কার্ডের গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে আছে ঢাকা রিজেন্সির গ্রান্ডিওজ রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ অথবা নৈশভোজে একজনের সঙ্গে আরেকজনের খাবার ফ্রি, বিমানবন্দরে রূপসী বাংলা হোটেলের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ফ্রি ব্যবহার, ইউনাইটেড হাসপাতালে ফ্রি করপোরেট স্বাস্থ্য পরীক্ষা, দেশের ২৫০টি মার্চেন্ট আউটলেটে বিশেষ ছাড়, বিশ্বজুড়ে মাস্টারকার্ডের সঙ্গে সম্পৃক্ত হোটেলগুলোতে ফ্রি থাকার সুবিধা।
সিতাংশু কুমার সুর চৌধুরী জানান, এখনো দেশের ৮৫ ভাগ লেনদেন হয় নগদে। তবে এ পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ক্রেডিট কার্ডের সুদহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানান তিনি।