প্লামি ফ্যাশনসের আধুনিক ইটিপি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা প্লামি ফ্যাশনস ভূগর্ভস্থ পানি পুনরায় ব্যবহারের জন্য অত্যাধুনিক বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালু করেছে। জার্মান প্রযুক্তির এই ইটিপির মাধ্যমে ডায়িং কারখানার তরল বর্জ্য পরিশোধন করার পর সেই পানি আবার ব্যবহৃত হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংহপুরে অবস্থিত প্লামি ফ্যাশনসের কারখানায় গত বৃহস্পতিবার দুপুরে জার্মানির ক্রেতা প্রতিষ্ঠান লিডলের পরিচালক রেইন কিন নতুন ইটিপির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াটার সেভিং টেকনোলজির (ডব্লিউএসটি) উপদেষ্টা ওলফ্রাম এনজেল, প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুল হক, পরিচালক ফয়সল পরাগ, রঞ্জন ধর প্রমুখ। উদ্বোধনের সময় রেইন কিনসহ অন্যরা ইটিপিতে তরল বর্জ্য পরিশোধনের পর যে বিশুদ্ধ পানি পাওয়া যায় তা পান করেন।
ফজলুল হক জানান, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে ও সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি এড়াতে ভূগর্ভস্থ পানির পুনরায় ব্যবহার দরকার। এ জন্য জার্মানির পোশাক ক্রেতা প্রতিষ্ঠান লিডলের সহায়তায় প্লামি ফ্যাশনসের সর্বাধুনিক প্রযুক্তির ইটিপি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে বর্জ্য পরিশোধন করে তা পুনর্ব্যবহার করা যাবে। এমনকি পরিশোধিত পানি খাওয়ারও উপযোগী।
পরিবেশবান্ধব কারখানার সনদ দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। প্লামি ফ্যাশনস গত বছরের সেপ্টেম্বরে সংস্থাটি থেকে ‘লিড প্লাটিনাম’ সনদ পায়।