আগামী বছর ১ থেকে ৬ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় প্লাস্টইন্ডিয়া ২০১২-এ বাংলাদেশের প্লাস্টিক ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়ে ভিসা জটিলতা অবসানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় আয়োজকেরা। রাজধানীর একটি হোটেলে গত বুধবার রাতে প্লাস্টইন্ডিয়া, অষ্টম আন্তর্জাতিক প্লাস্টিক প্রদর্শনী ও সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানায় আয়োজক প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিদল। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা বি শ্যাম। আরও উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী, প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের কে এম তাবরেওয়ালা প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ীরা ভিসা জটিলতা, হোটেল বুকিংসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রতিনিধিদল সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের প্লাস্টইন্ডিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাস্টিক পণ্যের মেলা প্লাস্টইন্ডিয়া নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে।