প্লাস্টিক ইনস্টিটিউটের জন্য আরও ২০ কোটি টাকা চান উদ্যোক্তারা
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারকে (বিআইপিইটি) পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপ দিতে সরকারের কাছে আরও ২০ কোটি টাকা সহায়তা চেয়েছেন প্লাস্টিক শিল্প খাতের উদ্যোক্তারা। আর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উদ্যোক্তাদের এ দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) ও চ্যান চাও ইন্টারন্যাশনাল আয়োজিত চার দিনের প্লাস্টিক মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল শনিবার উদ্যোক্তারা এ দাবি জানান। আর অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী তাঁর বক্তব্যে এ দাবি পূরণের আশ্বাস দেন। এ সময় মন্ত্রী চলতি বছরের মধ্যে ইনস্টিটিউটের নির্মাণকাজ শেষ করার তাগিদ দেন।
মুস্তফা কামাল আরও বলেন, ‘বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজার এক লাখ কোটি (ট্রিলিয়ন) ডলারের। সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। কিন্তু এ বাজার এখন ধরতে পারেনি বাংলাদেশ। কারণ, এ খাতে আমাদের মানসম্মত ও উচ্চমূল্যের বহুমুখী পণ্য উৎপাদন কম। তাই মানসম্মত পণ্যের উৎপাদন বাড়াতে কারিগরদের প্রশিক্ষণ জরুরি।’
চার দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ ২১ দেশের ৩৭০টি প্লাস্টিক পণ্য প্যাকেজিং ও প্রিন্টিং সামগ্রী, যন্ত্রপাতি এবং প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দেশীয় স্টল ছিল ১০০টির বেশি।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম এবং লুনা প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম কামালউদ্দিন।