প্লাস্টিক খাতের জন্য শিল্পপার্ক করবে এসএমই ফাউন্ডেশন
দেশের সম্ভাবনাময় প্লাস্টিক খাতের জন্য একটি শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেবে এসএমই ফাউন্ডেশন। এই খাতের মানোন্নয়নে একটি বিশেষায়িত ইনস্টিটিউটও স্থাপন করা হবে।বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) নেতাদের এসব তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত শিল্পসচিব এ বি এম খোরশেদ আলম।এসএমই ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে রোববার বিপিজিএমইএ নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বৈঠকে বিপিজিএমইএর সভাপতি ও এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, এসএমই ফাউন্ডেশন ও বিপিজিএমইএর পরিচালক সাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।বিপিজিএমইএ নেতারা জানান, দেশে বর্তমানে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ মিলিয়ে প্লাস্টিক খাতে প্রায় পাঁচ হাজার শিল্প-কারখানা রয়েছে। এতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। দেশের ভেতরে বর্তমানে প্লাস্টিক পণ্যের বাজার প্রায় নয় হাজার কোটি টাকার। সরাসরি ৪০০ কোটি এবং প্রচ্ছন্নভাবে আরও প্রায় দুই হাজার কোটি টাকার পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশের রপ্তানিপণ্য হিসেবে প্লাস্টিকপণ্যের অবস্থান ১২তম।নেতারা জানান, এসব কারখানার বেশির ভাগই পুরান ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। প্লাস্টিক শিল্পপার্কে এসব শিল্পপ্রতিষ্ঠান স্থানান্তর করা গেলে এ খাতের বিকাশ ত্বরান্বিত হবে।খোরশেদ আলম বলেন, শিল্পপার্ক করার জন্য সরকারিভাবে জমি অধিগ্রহণ করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। তাই ব্যক্তি খাতের উদ্যোক্তাদের মাধ্যমে শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।বৈঠকে প্লাস্টিক খাতের উদ্যোক্তারা প্লাস্টিক খাতের উন্নয়নে ‘বাংলাদেশ প্লাস্টিক প্রযুক্তি ও প্রকৌশল ইনস্টিটিউট’ স্থাপনের প্রস্তাব করেন।