প্লাস্টিক খাতের ভবিষ্যত্ নিয়ে গভীর চিন্তার পক্ষে অর্থমন্ত্রী
প্লাস্টিকশিল্প খাতের ভবিষ্যত্ নিয়ে গভীর চিন্তাভাবনার দরকার রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই বিজ্ঞানী, প্রকৌশলী, শিল্পপতি, পরিবেশবিদ ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে এই শিল্পের জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।অর্থমন্ত্রী আরও বলেন, ‘নির্মাণ খাতে প্লাস্টিকশিল্পের বর্তমানের তুলনায় আরও বেশি ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্লাস্টিকনগর গড়ে তোলার দাবিটিও অগ্রাহ্য করার মতো নয়। তবে এও সত্য, এই প্লাস্টিকই বুড়িগঙ্গাকে ধ্বংস করেছে। সুতরাং শিল্পটির ভবিষ্যত্ কীভাবে সাজানো যায়, তা এখনো আমাদের কাছে অজানা।’গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে চার দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও এফবিসিসিআইয়ের সভাপতি অনিসুল হক। বাংলাদেশ প্লাস্টিক পণ্য উত্পাদক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি ফেরদৌস ওয়াহেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিপিজিএমইএ ও চান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড মেলার যৌথ আয়োজক।আয়োজকেরা জানান, চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়াসহ ১৪টি দেশের মোট ৩৫০টি স্টল অংশ নিচ্ছে এবারের মেলায়। এর মধ্যে ১৫০টি দেশি স্টল। এগুলোতে নিত্যব্যবহার্য প্লাস্টিকের পণ্যসহ শিল্পের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন ও বিক্রয় করা হবে।অর্থমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরে শিল্পমালিকেরা জানান, ২০০৭ সালের জুলাইয়ে জারি করা প্রজ্ঞাপন মানতে গিয়ে কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। অন্যদিকে বন্ডের আওতায় অন্য কোনো শিল্প খাতের ওপর ব্যাংক গ্যারান্টি আরোপ করা না হলেও, প্লাস্টিকশিল্পের ক্ষেত্রে তা আরোপ করা আছে, যা বৈষম্যমূলক। তা ছাড়া এ খাত সরকারের নগদ সহায়তা থেকে বঞ্চিত।জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সরকারি প্রণোদনা নিতে প্লাস্টিকশিল্প খাত থেকে যেসব দাবি উঠেছে, সে ব্যাপারে ইতিবাচকভাবে চিন্তা করা যেতেই পারে। কিন্তু কোন কোন ক্ষেত্রে তা দরকার, আমার মনে হয় বিপিজিএমইএ এখনো তা যথাযথভাবে শনাক্ত করতে পারেনি।’অর্থমন্ত্রী বলেন, দেশের তিন হাজার প্লাস্টিক কারখানার মধ্যে দুই হাজারই ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই)। এটি অবশ্যই ইতিবাচক। তবে তাদের রপ্তানির যে পরিমাণের কথা বলা হয়, তাতে শুভংকরের ফাঁক রয়েছে। তাদের উল্লেখ করা রপ্তানির তুলনায় প্রকৃত প্লাস্টিক রপ্তানির পরিমাণ ১০ শতাংশ। তাই সব দিক বিবেচনা করে গোটা প্লাস্টিকশিল্প নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, প্লাস্টিকশিল্প দেশের অর্থনীতির উদীয়মান খাত। কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিকের ব্যবহারও দিন দিন বাড়ছে। একটি আধুনিক প্লাস্টিক শিল্পনগর গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য সমঝোতা স্মারকও করা হয়েছিল বিসিকের সঙ্গে। পরে আর বিষয়টি এগোয়নি। এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক বলেন, দেশের তৈরি পোশাকশিল্প খাত যেমন শুরুর দিকে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছিল, প্লাস্টিকশিল্প খাতটিও গড়ে উঠেছে সেভাবেই। কিন্তু ব্যাক-টু-ব্যাক এলসি ও বন্ডেড ওয়্যারহাউস—এই দুই নীতি-সহায়তার কারণে তৈরি পোশাকশিল্প খাতটি দাঁড়িয়ে গেছে। প্লাস্টিকশিল্পের জন্যও এ রকম নীতির সহায়তা দরকার।মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার মেলার শেষ দিন।