প্লাস্টিক পণ্য রপ্তানি করলে সরকারের নগদ সহায়তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিক পণ্য রপ্তানিতে সরকার নগদ সহায়তা দেবে, এমনটাই আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘শুধু প্লাস্টিক নয়, আমরা অপ্রচলিত সব পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দেব। কারণ, আমরা পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাই।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার দশম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তািনকারক সমিতি (বিপিজিএমইএ) ও তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলাটি আয়োজন করেছে। চার দিনব্যাপী এ মেলায় যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামালসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল থাকছে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান যুগ প্লাস্টিকের যুগ। তবে বাংলাদেশ হয়তো এখনো বালতি মগের মধ্যেই আছে। এখান থেকে বের হয়ে আসতে হবে।
বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি বাতিলের কারণে প্লাস্টিক খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশার কথা, বাজারটিতে প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেনি, বেড়েছে। তবে উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা কমেছে।
সমিতির এই সভাপতি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে প্লাস্টিক পণ্যের রপ্তানি ১০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব। সে জন্য জিএসপি ফিরে না পাওয়া পর্যন্ত প্লাস্টিক পণ্য রপ্তানিতে নগদ সহায়তা এবং এ খাতের জন্য আলাদা শিল্পপার্ক স্থাপন করা প্রয়োজন। শিল্পপার্ক হলে কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করা যাবে।’
চলমান রাজনৈতিক প্রসঙ্গ: তোফায়েল আহমেদ বলেন, ‘যে মুহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তথাকথিত আন্দোলনের নামে, যেটা আন্দোলন নয়, একটি দল আজকে সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা চালিয়ে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইছে। যাতে আমাদের বাংলাদেশও পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু তারা জানেন না, পৃথিবীর কোনো ইতিহাস সাক্ষ্য দেয় না, সন্ত্রাসী কার্যকলাপ করে, নাশকতা করে, জঙ্গি তৎপরতা চালিয়ে কোনো দাবি আদায় করা যায়। তাহলে রাজনীতি মিথ্যা হয়ে যেত।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের নামে যে কাজটি হচ্ছে, সেটি বন্ধ হওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘অনেকেই সংলাপের কথা বলেন। লক্ষ করেন, এক মা আরেক ছেলেহারা মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। ব্যবহারটা কী করছেন, আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বলছেন, সংলাপের রাস্তা বন্ধ হয়ে গেছে।’
রাজনৈতিক সহিংসতার কারণে সারা বিশ্বে খারাপ বার্তা যাচ্ছে বলে উল্লেখ করেন তোফায়েল আহমেদ। তবে তিনি বলেন, ‘আমি জানি, এটা (সহিংসতা) বেশি দিন চলবে না। চলতে পারে না। কারণ, মিথ্যা কখনো অনির্দিষ্টকালের জন্য চলে না। মিথ্যা ধ্বংস হয়, সত্য প্রতিষ্ঠিত হয়।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকার ব্যবসা-বাণিজ্য প্রসারে প্রস্তুত। তবে কিছু অহেতুক উপদ্রব আছে। এগুলো কাটাতে হবে।’
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উিদ্দন আহ্মদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘দলমত-নির্বিশেষে আমাদের একই আওয়াজ তুলতে হবে, আমরা সন্ত্রাস বন্ধ করতে চাই। আমরা ব্যবসা করতে চাই।’