>

মেলায় প্লাস্টিক পণ্যের বিক্রি ভালো। বিক্রেতা প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নগদ মূল্য ছাড়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সব সময়ই বেশির ভাগ ক্রেতার হাতে যে পণ্যটি দেখা যায়, সেটি হলো প্লাস্টিক। গতকাল বুধবারও মেলা প্রাঙ্গণে ঘুরে ব্যতিক্রম চোখে পড়েনি। বরাবরের মতো এবারও অধিকাংশ ক্রেতাকে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য নিয়ে ফিরতে দেখা গেছে।
এমনিতেই মেলায় প্লাস্টিক পণ্যের বিক্রি ভালো। তা সত্ত্বেও প্লাস্টিক পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠানগুলো নগদ মূল্য ছাড়সহ নানা ধরনের উপহার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরএফএল, বেঙ্গল, হ্যামকো, এনপলি-খ্যাত ন্যাশনাল পলিমারের মতো বড় ব্র্যান্ডগুলোর পাশাপাশি ছোট ছোট প্রতিষ্ঠানও বৈচিত্র্যময় প্লাস্টিক পণ্যের পসরা সাজিয়ে বসেছে মেলায়। প্লেট, গ্লাস, জগ, চামচ, বাটি, ঝুড়ি, চেয়ার, টেবিল, বালতি, খেলনা থেকে শুরু করে প্লাস্টিকের ওয়ার্ডরোব, সোফা—সবই মিলছে মেলায়।
আরএফএল
আড়াই হাজার প্লাস্টিক পণ্যের বিশাল সমাহার নিয়ে মেলায় অংশ নিচ্ছে আরএফএল। এ বছরের মেলায় প্রতিষ্ঠানটি আগের পণ্যগুলোর পাশাপাশি চার শতাধিক নতুন পণ্য এনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো পলি কার্বন চেয়ার, ট্রান্সপা চেয়ার, ঝুড়ি, কম্বল রাখার বাক্স প্রভৃতি। কাচের মতো স্বচ্ছ দেখতে ট্রান্সপা চেয়ার বিক্রি হচ্ছে ২ হাজার ৬৫ টাকা থেকে ২ হাজার ৩৯০ টাকায়।
মেলা উপলক্ষে আরএফএলের প্যাভিলিয়নে সব পণ্যে ১০ শতাংশ নগদ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া পানি পরিশোধন যন্ত্র ড্রিংক ইট কিনলে বিনা মূল্যে একটি জগ দেওয়া হচ্ছে। ড্রিংক ইটের সঙ্গে ফিল্টার স্ট্যান্ড কিনলেও দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। আরএফএলের প্যাভিলিয়নে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সময়ের নাম দেওয়া হয়েছে ‘হ্যাপি আওয়ার’। এ সময়ের মধ্যে ৩০০ থেকে ৬০০ টাকার পণ্য কিনলে নিশ্চিত পুরস্কারের পাশাপাশি র্যাফল ড্রয়ের মাধ্যমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য।
প্রাণ-আরএফএলের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, প্লাস্টিক দিয়ে তৈরি বিভিন্ন রকমের নিত্যনতুন পণ্যের প্রতি ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ক্রেতাদের কেনাকাটায় স্বস্তি দিতে এ বছর প্যাভিলিয়নের আকার দ্বিগুণ করা হয়েছে বলে জানান তিনি।
বেঙ্গল প্লাস্টিকস
নতুন বেশ কিছু মডেলের প্লাস্টিক পণ্যসামগ্রী এবারের মেলায় এনেছে বেঙ্গল প্লাস্টিকসও। তাদের প্যাভিলিয়নে ওয়ার্ডরোব, টেবিল, চেয়ার, বোল, টিফিন বক্সসহ ২০টি পণ্যের শতাধিক মডেল বিক্রি হচ্ছে। সব পণ্যেই ১০ থেকে ১৫ শতাংশ নগদ মূল্য ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্কুলগামী শিশুদের জন্য কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের বিভিন্ন জনপ্রিয় চরিত্রের ছবিযুক্ত টিফিন বক্স, পানির বোতলও চোখে পড়ে এখানে। একজন বিক্রয়কর্মী বলেন, বাংলাদেশে একমাত্র বেঙ্গল প্লাস্টিকের পণ্যেই কার্টুন নেটওয়ার্কের জনপ্রিয় চরিত্রগুলো ব্যবহারের অনুমতি রয়েছে।
বেঙ্গল প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গতবারের চেয়ে এবার বিক্রি বেশি। প্রতিদিন আড়াই থেকে তিন লাখ টাকার পণ্য বিক্রি হচ্ছে, যা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দ্বিগুণ হয়ে যায়।
হ্যামকো প্লাস্টিক
হ্যামকো প্লাস্টিকের প্যাভিলিয়নে নানা ধরনের প্লাস্টিক পণ্যের সমাহার রয়েছে। একেবারে ছোট আকারের পণ্য থেকে শুরু করে বড় আকারের ওয়ার্ডরোব, কম্বল রাখার ঝুড়ি, নতুন ধরনের প্লাস্টিকের চেয়ার-টেবিল এ বছরের মেলায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন পণ্যে ১০ থেকে ২০ শতাংশ নগদ মূল্য ছাড় দিচ্ছে হ্যামকো। এ ছাড়া প্রতি ৫০০ টাকার পণ্য কিনলে লটারির মাধ্যমে মালয়েশিয়া, কলকাতা ও কক্সবাজার ভ্রমণের বিমানের টিকিট দেওয়া হচ্ছে।
এনপলি
ন্যাশনাল পলিমারের প্লাস্টিক ব্র্যান্ড এনপলির প্যাভিলিয়নে ফুড কন্টেইনার, নানা আকারের মগ, জগ, গ্লাস, বালতি, চেয়ার, টেবিল, প্লাস্টিকের দরজা চোখে পড়ে। সব পণ্যেই ১০ শতাংশ নগদ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।