প্লাস্টিক পণ্যের রপ্তানি ১০০ কোটি ডলার করা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি বাতিলের পর ১৫ মাস পার হয়েছে। বাংলাদেশের উদ্যোক্তাদের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এ জন্য দেশটিতে প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় কমেনি। বরং ভালো প্রবৃদ্ধি হচ্ছে।
চলতি অর্থবছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৩২ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে। এই আয় আগের অর্থবছরের একই সময়ের ২ কোটি ৩৩ লাখ ডলারের চেয়ে ৪২ শতাংশ বেশি। এ ছাড়া সব দেশ মিলে চলতি অর্থবছরে প্রথমার্ধে এ খাতের রপ্তানি আয় ৫ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ। গত অর্থবছর ৮ কোটি ৫৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছিল।
পণ্য বহুমুখীকরণসহ সরকার বিভিন্ন ধরনের নীতিসহায়তা দিলে প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় ২০২১ সালের মধ্যে ১০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব। বিশ্বব্যাপী এ খাতের রপ্তানি গতিবিধি দেখে এমন মন্তব্যই করেছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে আগামী বুধবার। মেলার বিস্তারিত জানাতে সমিতির কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় সমিতির সভাপতি এসব তথ্য জানান।
চার দিনব্যাপী এই প্লাস্টিক মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে দেশ-বিদেশের ৩৫০টি স্টল থাকছে। বিপিজিএমইএ ও তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলাটির আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লাস্টিক মেলায় যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামালসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। তবে রাজনৈতিক অস্থিরতায় এবার স্টলের সংখ্যা কিছুটা কমেছে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ ফি লাগবে না।
টানা হরতাল-অবরোধে প্লাস্টিক শিল্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, প্রতিদিন ১০-১২ কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রতিটি কারখানা ২০-২৫ শতাংশ উৎপাদন কমিয়ে দিয়েছে। বন্দর থেকে কাঁচামাল আনতে সমস্যা হচ্ছে। তিনি চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেভাবে চলছে সেভাবে দেশ চলতে পারে না।’
সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি ইউসুফ আশরাফ ও সামিম আহমেদ, বর্তমান সহসভাপতি কে এম ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।