প্লাস্টিক রপ্তানিতে ইডিএফের ঋণ সীমা বেড়েছে
প্লাস্টিক রপ্তানিকারকেরা বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে এখন ১০ লাখ ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন।
এত দিন এই সীমা ছিল সর্বোচ্চ পাঁচ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠিয়েছে।
উল্লেখ্য, রপ্তানিমুখী শিল্পের প্রসার অব্যাহত রাখতে ইডিএফ তহবিল থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণসুবিধা দেওয়া হয়।
রপ্তানিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণাদি যেমন তুলা, সুতা, শিল্পের কাঁচামাল আমদানিতেও রপ্তানিকারকেরা এই ঋণ পান।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ইডিএফের আওতায় এখন থেকে বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদন ও রপ্তানিকারক সংগঠনের (বিপিজিএমইএ) সদস্যপ্রতিষ্ঠানগুলো ১২ মাসের গড় ব্যাক টু ব্যাক এলসি অথবা ১০ লাখ ডলার যেটি কম হবে, সে পরিমাণ ঋণসুবিধা নিতে পারবে।