প্লাস্টিক শিল্পনগর স্থাপনের দাবি
পুরান ঢাকার লালবাগ, ইসলামবাগ, চকবাজার, পোস্তা, কামরাঙ্গীরচর, মিটফোর্ডসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে অনেক প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর ও কর্মপরিবেশ বিপজ্জনক।
একটি পরিকল্পিত জায়গায় কারখানাগুলোকে স্থানান্তর করা গেলে ঢাকার দূষণ কিছুটা হলেও কমানো যায়। এ ছাড়া অগ্নিদুর্ঘটনা এড়ানোসহ কারখানার পরিবেশের উন্নতি ও সক্ষমতা বৃদ্ধি করে রপ্তানি আয় বাড়ানো সম্ভব। এ জন্য দীর্ঘদিন ধরে প্লাস্টিক শিল্পনগর স্থাপনের দাবি করে আসছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)।
অবশ্য বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বহুবার দেনদরবার করেও কোনো সুরাহা হয়নি। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আগে একবার সমিতি ও বিসিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। তবে প্রকল্পের জন্য নির্ধারিত জায়গা ড্যাপের আওতায় হওয়ায় তা বাতিলও হয়ে যায়।
সমিতির কার্যালয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিন আবারও প্লাস্টিক শিল্পনগর স্থাপনের দাবি করেন। অবশ্য তিনি জানান, সমিতির পক্ষ থেকে প্লাস্টিক শিল্পনগরের প্রয়োজনীয়তা সম্প্রতি শিল্পমন্ত্রীর নজরে আনা হয়েছে। তিনি এ ব্যাপারে আশ্বাসও দিয়েছেন।
প্লাস্টিক খাত সাম্প্র্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা ও অবরোধের কারণে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সমিতির সভাপতি। তবে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি স্থগিত হওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশি পণ্য—এমন দাবি করে সরকারের কাছে ২০ শতাংশ নগদ সহায়তার দাবি করেন তিনি। তাঁর যুক্তি, জিএসপি প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রে প্লাস্টিক পণ্য রপ্তানি খরচ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, নবম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা কাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। চার দিনের এ মেলায় থাকছে ৩০০ স্টল। এটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মেলায় বিভিন্ন দেশের মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারীসহ দেশে ব্যবহূত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সামিম আহমেদ, ফেরদৌস ওয়াহেদ ও মো. ইউসুফ আশরাফ, চ্যান চাওয়ের টাইগার লিং প্রমুখ।