প্লাস্টিক শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক হ্রাসের দাবি
প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল আমদানিতে শুল্কহার ৩ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছেন এই শিল্পের উদ্যোক্তারা। দেশি প্লাস্টিক শিল্পকে সুরক্ষা দিতে তাঁরা এই দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক্-বাজেট আলোচনায় প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) নেতারা এই দাবি করেন। বিপিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, বর্তমানে দেশীয় প্লাস্টিক শিল্পে ব্যবহূত বিভিন্ন ধরনের মৌলিক কাঁচামালের আমদানি শুল্ক সর্বোচ্চ ২৫ ও সম্পূরক শুল্ক ৬০ শতাংশ আরোপ করা আছে। এতে দেশীয় প্লাস্টিক পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমদানি করা সমজাতীয় পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। তাই এই শিল্পে ব্যবহূত কাঁচামালের আমদানি শুল্ক আগামী বাজেটে ৩ শতাংশে নির্ধারণের সুপারিশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। আর বিপিজিএমইএর সভাপতি শামিম আহমেদের নেতৃত্বে অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এনবিআরের সদস্য সৈয়দ আমিনুল করিম, ফরিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। প্লাস্টিক পণ্য রপ্তানির বিপরীতে ২০ ভাগ নগদ ভর্তুকি দেওয়ারও দাবি জানান বিপিজিএমইএর সভাপতি শামিম আহমেদ। তাঁর মতে, এতে প্লাস্টিক পণ্যের রপ্তানি বাড়বে প্রায় ৪০ শতাংশ। বিপিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, স্থানীয় প্লাস্টিক শিল্প সংরক্ষণের স্বার্থে যৌক্তিক পর্যায়ে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা উচিত। ডাম্পিংয়ের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারত থেকে আসা প্লাস্টিক পণ্য স্থানীয় বাজারে কম দামে বিক্রি হচ্ছে। তাই ডাম্পিং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, স্থানীয় প্ল্লাস্টিক পণ্যের মোল্ড ও মেশিনারিজের আমদানি করতে হয়। কিন্তু এসব পণ্যের ওপর ৩ শতাংশ আমদানি শুল্ক নির্ধারিত রয়েছে। মোল্ড ও মেশিনারিজের ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেন এই সংগঠনের নেতারা।