প্লাস্টিক শিল্পের পাঁচ লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেবে বিপিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিক শিল্পে কর্মরত পাঁচ লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। আগামী আগস্ট মাসে এই শিল্পের সঙ্গে জড়িত পুরান ঢাকার শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

প্লাস্টিক খাতের উন্নয়ন ও অগ্রগতির জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমটি হচ্ছে সমিতির উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিআইপিটি) স্থাপনের প্রথম ধাপ। আগামী ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বিআইপিটি স্থাপনে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইনস্টিটিউট স্থাপনে সমিতির পক্ষ থেকে এখন গাজীপুরে জমি দেখা হচ্ছে। 

রাজধানীর পুরানা পল্টনে সমিতির কার্যালয়ে আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিন। এতে প্রস্তাবিত বাজেটের ভালো-মন্দ বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, সামিম আহমেদ, ফেরদৌস ওয়াহেদ প্রমুখ। 

জসিম উদ্দিন বলেন, গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ কম হয়েছে। সেজন্য অনেক ব্যাংকে অলস টাকা পড়ে আছে। এ জন্য এখন কিছু ব্যাংক ১৩ থেকে সাড়ে ১৩ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। তবে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ঘাটতি মেটাতে সরকার আগামী অর্থবছর ব্যাংক ব্যবস্থা থেকে ৩১ হাজার ২২১ কোটি টাকা গ্রহণ করবে। আর এমনটা হলে ব্যাংক ঋণের সুদের হার বেশিই থেকে যাবে।

প্রস্তাবিত বাজেটে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি ২ শতাংশ থেকে বাড়িয়ে নগদ সহায়তা ৩ শতাংশ করা হয়েছে। এমন তথ্য দিয়ে জসিম উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় প্লাস্টিক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্ভাবনা থাকলেও রপ্তানি প্রবৃদ্ধি কমে যাচ্ছে। তিনি তৈরি পোশাকের মতো সব রপ্তানি খাতকেই নগদ সহায়তা দেওয়ার দাবি করেন।

অন্যদিকে প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকের খেলনা সামগ্রী আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এতে করে দেশীয় কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন জসিম উদ্দিন। তিনি বলেন, বর্তমানে ৫০-৬০টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান প্লাস্টিকের খেলনা তৈরি করছে। আমরা এসব প্রতিষ্ঠানকে মূসকমুক্ত রাখার দাবি করেছিলাম। কিন্তু সেটি না করে উল্টো আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক হ্রাস করায় চীনের তৈরি নিম্নমানের খেলনায় দেশ সয়লাব হয়ে যাবে।