প্লাস্টিকপণ্যের রপ্তানি আয় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিক-দ্রব্যসামগ্রী উৎপাদনে নীরব বিপ্লব ঘটিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। এসব পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। প্রতিবছরই পর্যায়ক্রমে এই আয় বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে এ খাতে আট কোটি ৪২ লাখ ডলার পরিমাণ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গত এপ্রিল পর্যন্ত ১০ মাসে সাত কোটি ৪০ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৫৫ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি। প্লাস্টিকপণ্য রপ্তানি করে ২০১০-১১ অর্থবছরে ছয় কোটি ৮৭ লাখ ডলার আয় হয়। এর আগের অর্থবছরে এই আয় ছিল পাঁচ কোটি ছয় লাখ ডলার। ২০০৮-০৯ অর্থবছরের রপ্তানি আয় ছিল পাঁচ কোটি ২৩ লাখ ডলার। বর্তমানে সারা দেশের বাজারে সব ধরনের প্লাস্টিকপণ্যের চাহিদার পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা। চাহিদার প্রায় পুরোটাই এখন মেটাচ্ছে সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট-মাঝারি ও বড় প্রায় তিন হাজার প্লাস্টিকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদিত প্লাস্টিকপণ্যের মধ্যে পোশাক খাতের জন্য পলিব্যাগ, হ্যাঙ্গার, প্লাস্টিক ক্লিপ, বোতাম; খেলনাসামগ্রীর মধ্যে পুতুল, বল, ইয়োইয়ো; গৃহে ব্যবহারের জন্য চেয়ার, টেবিল, বাথটাব, জগ, মগ, ঝুড়ি, প্লেট, গ্লাস, চামচ; অফিসে ব্যবহারের জন্য পেপারওয়েট, স্কেল, টেবিল ক্যালেন্ডার, বলপেন ইত্যাদি অন্যতম। এ ছাড়া গৃহনির্মাণসামগ্রী জানালা ও দরজা; চিকিৎসা উপকরণ রক্তের ব্যাগ, ওষুধ কনটেইনার, ইনজেকশন, স্যালাইন ব্যাগ; কৃষি খাতের জন্য প্লাস্টিক পাইপ, বড় চৌবাচ্চা; গাড়ি ও সাইকেলের যন্ত্রাংশের মধ্যে বাম্পার, হাতলের কভার, ব্যাক লাইট, স্পোক লাইট; পোলট্রি ও মৎস্য খাতের পট, জার, মাছের জাল, বল, মাছ ও ডিম রাখার ঝুড়ি; ভিডিও ও অডিও ক্যাসেট, কম্পিউটারের উপকরণসহ বিভিন্ন প্লাস্টিকসামগ্রী তৈরি হচ্ছে দেশেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত পাঁচ-ছয় বছরে আমদানি নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। তবে প্লাস্টিকপণ্য উৎপাদনের কাঁচামালের পুরোটাই সৌদি আরব, মালয়েশিয়া ও ভারত থেকে আমদানি করতে হয়। বর্তমানে বিশ্বের ২৩টি দেশে প্লাস্টিকপণ্য রপ্তানি হচ্ছে। বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) তথ্যমতে, সারা দেশে দুই হাজার ৯৯৭টি প্লাস্টিকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে এক হাজার ৯৬৫টি ছোট, মাঝারি ৯৮০টি ও বড় মাপের ৫২টি প্রতিষ্ঠান। সমিতির একাধিক নেতা বলেন, প্লাস্টিকশিল্পটি পুরোটাই বিদ্যুৎনির্ভর। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় সামর্থ্য অনুযায়ী উৎপাদন করতে পারছে না। সরকার অন্যান্য সম্ভাবনাময় খাতের মতো প্লাস্টিক খাতটিতে নজর দিলে এটি দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে সক্ষম হবে।