প্লাস্টিকশিল্পের শ্রমিকদের দক্ষ করতে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিকশিল্পে কর্মরত পাঁচ লাখ শ্রমিকের মধ্যে বেশির ভাগই অদক্ষ৷ তবে এই অদক্ষ শ্রমিকদের দক্ষ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্লাস্টিকপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)৷ আগামী আগস্ট মাসে পুরান ঢাকার প্লাস্টিক কারখানার শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে কাজটি শুরু হবে৷
এদিকে প্লাস্টিক খাতের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিআইপিটি) নামে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে বিপিজিএমইএ৷ ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বিআইপিটি স্থাপনের জন্য ১০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন৷ ইনস্টিটিউট স্থাপনে সমিতির পক্ষ থেকে এখন গাজীপুরে জমি খোঁজা হচ্ছে৷
এই ইনস্টিটিউটে আধুনিক মানের একটি পরীক্ষাগার থাকবে, যেখানে প্লাস্টিকপণ্যের মান পরীক্ষা করা হবে৷ চালু হবে ডিপ্লোমা কোর্স৷ পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করতে গবেষণাও হবে৷ এসব তথ্য দিয়ে সমিতির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘বিআইপিটির মাধ্যমে ভবিষ্যতে প্লাস্টিকশিল্প খাতের জন্য দক্ষ জনবল গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য৷ আর এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে পুরান ঢাকার শ্রমিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে৷’
রাজধানীর পুরানা পল্টনে সমিতির প্রধান কার্যালয়ে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিপিজিএমইএ৷ এ সময় কত দিনের মধ্যে ইনিস্টিটিউটের নির্মাণকাজ শেষ কিংবা শ্রমিকদের দক্ষ করে তোলা সম্ভব হবে—এমন প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, ‘আমরা তো কেবল শুরু করছি৷ এখনই কিছু বলা যাচ্ছে না৷’
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলনটির আয়োজন করে বিপিজিএমইএ৷ এ সময় আরও উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, সামিম আহমেদ, ফেরদৌস ওয়াহেদ প্রমুখ৷
সংবাদ সম্মেলনে শেষ পর্যন্ত অবশ্য নিজেদের দাবিদাওয়ার কথাই বেশি তুলে ধরেন সমিতির নেতারা৷ যেমন: নতুন বাজারে প্লাস্টিকপণ্য রপ্তানিতে তৈরি পোশাক খাতের মতো ৩ শতাংশ হারে নগদ সহায়তা, প্লাস্টিকপণ্য রপ্তানির ওপর উৎসে কর দশমিক ৬০ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করা, কাঁচামালের ওপর অিগ্রম আয়কর প্রত্যাহার ইত্যাদি৷ সারা দেশে ছোট, মাঝারি ও বড় প্রায় তিন হাজার প্লাস্টিকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে৷ বর্তমানে বিশ্বের ২৩টি দেশে প্লাস্টিকপণ্য রপ্তানি হচ্ছে৷