প্লাস্টিক পণ্য রপ্তানিতে ১ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। এই হার কমিয়ে দশমিক ৩ শতাংশ করার প্রস্তাব করেছে সমিতিটি। গতকাল সোমবার পল্টনে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি জসিম উদ্দিন। এতে বলা হয়েছে, উৎসে করের হার কমানোর বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া হলে ২০২১ সালের মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা ৭ হাজার কোটি ডলারে উন্নীত করা কঠিন হবে। এ ছাড়া বাজেটে তৈরি টিস্যু হোল্ডার, আইস ট্রে, আইস স্কুপ, হ্যাঙ্গারের পণ্যের ওপর মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এতে দেশে তৈরি হ্যাঙ্গার আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়বে। তাই মূসক অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছে বিপিজিএমইএ। এ ছাড়া প্লাস্টিক দিয়ে খেলনা প্রস্তুতকারকদের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করার দাবি করা হয়েছে। এ ছাড়া প্লাস্টিক পণ্যের শিল্প খাতকে ১০ বছর কর অবকাশ সুবিধার আওতার প্রস্তাব করেন সমিতির নেতারা।