প্লাস্টিকের খেলনা মূসক মুক্ত রাখার দাবি জানাল বিপিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে উৎপাদিত প্লাস্টিকের খেলনাসামগ্রীর ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপ থাকায় পণ্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে। সেই সুযোগে বিদেশি পণ্য বাজারে ঢুকে পড়ছে। এতে দেশীয় শিল্পবিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।এ জন্য এই ক্ষুদ্রশিল্প টিকিয়ে রাখতে মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। একই সঙ্গে রপ্তানির ওপর উৎসে কর বর্তমানের মতো অর্থাৎ শূন্য দশমিক ৬ শতাংশই বহাল রাখার দাবি জানিয়েছেন সমিতির নেতারা। ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সম্প্রতি বিপিজিএমইএর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত নেতারা প্লাস্টিক খাতের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।গতকাল বুধবার বিপিজিএমইএর সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।এতে বলা হয়, শুধু ইটিপি স্থাপনে নয়, বরং সব ধরনের রপ্তানিমুখী শিল্পের মূলধনি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্কহার শূন্য করা উচিত। একই সঙ্গে প্লাস্টিক খাতে স্থাপিত নতুন শিল্প কারখানার ওপর ন্যূনতম পাঁচ বছরের জন্য কর-অবকাশসুবিধা দেওয়া প্রয়োজন।