প্লাস্টিকের তৈজসপত্র আর কম দামে কেনা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকের তৈরি তৈজসপত্র বা ক্রোকারিজ সামগ্রীর (থালা, বাসন, মগ, জগ, বালতি, ঝুড়ি ইত্যাদি) ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করা হয়েছে।বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) বলছে, এই মূসক আরোপ করায় তৈজসপত্রের দাম বেড়ে যাবে। এ কারণে ক্রেতারা কম দামে আর এসব পণ্য কিনতে পারবেন না। নিম্ন ও মধ্যবিত্ত মানুষই এসব পণ্য বেশি কেনেন।অন্যদিকে এসব পণ্য যেহেতু ফেরিওয়ালাদের মাধ্যমেই বেশি বিক্রি হয়, তাই তাঁদের কাছ থেকে সরকারের মূসক পাওয়ার সম্ভাবনাও নেই।রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন বিপিজিএমইএর নেতারা।বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ২০১১-১২ অর্থবছরে প্লাস্টিকের তৈজসপত্রের ওপর মূসক অব্যাহতি সুবিধা পেয়ে এ খাত দ্রুত বিকশিত হচ্ছিল। কিন্তু এখন মূসক আরোপ করায় তৈজসপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হবে; বন্ধ হয়ে যাবে অনেক ক্ষুদ্র ও মাঝারি কারখানা। আবার প্লাস্টিকের তৈজসপত্রের ৮০ শতাংশই বিক্রি হয় গ্রামে-গঞ্জে, ফেরিওয়ালাদের মাধ্যমে। তাঁদের মূসকের আওতায় আনা কোনোভাবেই সম্ভব নয়।এসব কারণে প্লাস্টিকের তৈজসপত্রের ওপর আরোপিত মূসক প্রত্যাহার করে আগের মতো মূসক অব্যাহতি সুবিধা ২০১৫ সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানায় সংগঠনটি।জসিম উদ্দিন বলেন, দেশে এখন উন্নতমানের প্লাস্টিকের খেলনা তৈরি হয়। খেলনার ওপর ১৫ শতাংশ মূসক আরোপ করায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আমদানি করা খেলনার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই খেলনার ওপর আরোপিত মূসক প্রত্যাহার চান তিনি।এফবিসিসিআইয়ের সাবেক এই সহসভাপতি বলেন, রপ্তানিমুখী পণ্য প্রণোদনা পেলেও প্লাস্টিক খাত সে সুযোগ পায় না। প্লাস্টিকের পণ্য জায়গা বেশি দখল করে বলে জাহাজীকরণের ব্যয় বেশি পড়ে। তাই প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে এ খাতকে টেনে তুলতে হলে ২০ শতাংশ নগদ সহায়তা প্রয়োজন।যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যেসব পণ্য জিএসপি সুবিধা পায়, তার একটি প্লাস্টিক পণ্য। কিন্তু দেশটিতে এ পণ্য রপ্তানির পরিমাণ খুবই কম। এর কারণ হিসেবে বিপিজিএমইএর সভাপতি বলেন, দূরত্বের কারণে মূলত দেশটিতে বেশি পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না।সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, উপদেষ্টা মনজুর আহমেদ, বিপিজিএমইএর সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।