প্লাস্টিকের তৈজসপত্রে ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমঘন ও স্বল্প পুঁজির ছোট কারখানায় উৎপাদিত প্লাস্টিকের তৈজসপত্রের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় সংগঠনটি দাবি করেছে, এসব তৈজসপত্র নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে।

বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিনকে উদ্ধৃত করে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার বলা হয়, দেশীয় শিল্পের সুরক্ষায় আমদানি পণ্যে সম্পূরক শুল্ক বহাল রাখা সরকারের বাস্তবমুখী সিদ্ধান্ত। ইন্ডাস্ট্রিয়াল মোল্ড দেশে উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় সুবিধা দেওয়ায় প্লাস্টিক খাতের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। খেলনার ওপর ন্যূনতম শুল্কায়ন মূল্য বা ট্যারিফ ভ্যালু আগের মতো বহাল রাখায় দেশীয় শিল্পের সুরক্ষা বাড়বে বলেও উল্লেখ করেন বিপিজিএমইএর সভাপতি।

বিজ্ঞপ্তিতে বিপিজিএমইএর পক্ষ থেকে তিনটি দাবি জানানো হয়। এগুলো হলো লেনদেন কর বা টার্নওভারের ক্ষেত্রে সীমা দেড় কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকায় নির্ধারণ ও লেনদেন কর ৩ শতাংশ করা, উপকরণ রেয়াত না নেওয়া গেলে ৪ শতাংশ ভ্যাট ধরা এবং ব্যাংকে এক লাখ টাকার বেশি লেনদেনের ওপর আরোপিত ৮০০ টাকার আবগারি শুল্ক প্রত্যাহার।