প্লাস্টিকের পণ্যসামগ্রী ও যন্ত্র মিলছে এক মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে নবম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল মেলার একটি স্টলে গতকাল ক্রেতা-দর্শনার্থীরা  প্রথম আলো
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে নবম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল মেলার একটি স্টলে গতকাল ক্রেতা-দর্শনার্থীরা প্রথম আলো

দেখতে অনেকটা গেঞ্জি তৈরির নিটিং যন্ত্রের মতো। তবে উৎপাদন হচ্ছে প্লাস্টিকের বস্তা, যা সিমেন্ট কিংবা চাল-গম পরিবহনের জন্য ব্যবহূত হবে। পাশেই পণ্যের মোড়কজাতের যন্ত্র। এ ছাড়া আছে প্লাস্টিকের টিউব থেকে সুদৃশ্য বোতল ও জার তৈরির যন্ত্র।
এসব বড় যন্ত্রপাতির পাশেই আবার পাওয়া যাচ্ছে দেশি প্রতিষ্ঠানের তৈরি বালতি, মগ, গ্লাস থেকে শুরু করে চামচ, গামলা, কাপড় রাখার হ্যাঙ্গার, ডাস্টবিন, পাইপসহ নানান কিছু। আছে চেয়ার-টেবিলসহ বিভিন্ন ধরনের আসবাব।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রটি এখন অনেকটাই প্লাস্টিকময়, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের যন্ত্র ও পণ্যের বিশাল পসরা। কারণ গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে চার দিনব্যাপী নবম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, চীন, ভারত, তাইওয়ান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১৫ দেশের ৩০০টি স্টল।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ), তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি সম্মিলিতভাবে মেলাটির আয়োজন করেছে। গতকাল দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করেন।
মেলায় হেকস ইন্ডাস্ট্রিজ রং, ডিস্টেম্পার ও লুব্রিকেন্টসের বিভিন্ন আকৃতির পাত্র, ১২০ ধরনের বালতিসহ বিভিন্ন ধরনের গৃহস্থালীয় পণ্য প্রদর্শন করছে। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শুরুতে গৃহস্থালি পণ্যসামগ্রী তৈরি করে। ২০০০ সালের পর থেকে রং, ডিস্টেম্পার ও লুব্রিকেন্টসের জন্য পাত্র উৎপাদন শুরু করে। রং উৎপাদনের বেশ কয়েকটি বড় ব্র্যান্ড হেকস থেকেই পাত্র তৈরি করিয়ে নেয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. বাবুল খান জানালেন, মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি ক্রেতাদের কাছে খুচরাও বিক্রি করছেন।
মেলায় আরএফএল, বেঙ্গল, পারটেক্স, লুনা, হ্যামকোসহ কয়েকটি দেশি প্রতিষ্ঠান প্লাস্টিকের বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে এসেছে। এ ছাড়া আছে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল বিক্রেতা প্রতিষ্ঠান।
প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশের অভ্যন্তরে বর্তমানে প্রায় ১৮ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হয়। প্রতিবছর এ খাতটি থেকে সরকার প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব পায়। গত অর্থবছর আট কোটি ৪৫ লাখ ডলারের প্লাস্টিকপণ্য রপ্তানি হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় শিল্পটি ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে তিনি অর্থমন্ত্রীর কাছে ২০ শতাংশ নগদ সহায়তা, উৎসে কর হার হ্রাসসহ বেশি কিছু সুবিধা দাবি করেন।
জসিম উদ্দিন আরও বলেন, চাল-ডালের দাম বাড়লে সরকার তাতে হস্তক্ষেপ করে তা নিয়ন্ত্রণে আনে। তবে ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি পেলে বলে, এটি ব্যাংকগুলোই ঠিক করবে। তাতে করে ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ দরকার।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ বলেন, ‘সরকার গত পাঁচ বছরে কৃষি বিপ্লব ঘটিয়েছে। আবাদি জমি ২৫ থেকে ৩০ শতাংশ হ্রাস পাওয়ার পরও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আশা করি, কৃষির মতো শিল্প বিপ্লবেও সরকার অবদান রাখবে।’ জিএসপি কীভাবে শিগগিরই ফিরে পাওয়া যায় সে জন্য প্রচেষ্টা চালাতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘প্লাস্টিক খাত কষ্টে আছে। জিএসপি স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি বেকায়দায় আছে এই খাত।’ তিনি বলেন, ‘গত বছরের কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তা আশাব্যঞ্জক। সরকার কিছু প্রণোদনা দিয়েছে, যার সুফল ব্যবসায়ীরা অচিরেই পাবেন।’
এ ছাড়া বক্তব্য দেন সাংসদ ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম, চ্যান চাও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক টাইলার লিং, বিপিজিএমইএর সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন। তবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি।
আগামী রোববার পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত আগ্রহীরা মেলা প্রাঙ্গণে যেতে পারবেন।