প্লেসমেন্ট শেয়ার বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। রাজধানীর দিলকুশা এলাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার এ সুপারিশ করা হয়। অনুষ্ঠানে সিএসইর সাবেক সভাপতি এ কে এম মহিউদ্দিন বলেন, প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে তালিকা-বহির্ভূত কোম্পানির শেয়ার প্লেসমেন্টের জন্য কোনো সঠিক বিধিবিধান নেই। আর এ সুযোগে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান প্লেসমেন্ট শেয়ার নিয়ে অনৈতিক বাণিজ্যে জড়িয়ে পড়েছে, যা মোটেও কাম্য নয়।অনেক কোম্পানি পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের আগে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে মূলধন সংগ্রহ করে থাকে। এভাবে শেয়ার বিক্রির প্রক্রিয়াই প্রাক-আইপিও প্লেসমেন্ট নামে পরিচিত।সাম্প্রতিক সময়ে অনেক কোম্পানির উদ্যোক্তা এভাবে শেয়ার বিক্রি করে বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। সাধারণত প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় শেয়ার পেয়ে থাকেন। তবে এ প্রক্রিয়ায় শেয়ার প্রাপ্তি লাভজনক হওয়ায় অনেক সাধারণ বিনিয়োগকারীও এখন প্রলুব্ধ হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাঁরা না জেনে প্লেসমেন্টের নামে অনুমোদনহীন কোম্পানির শেয়ার কিনছেন।১৫ জুলাই এসইসির কাছ থেকে তথ্য পেয়ে র্যাব রাজধানীর রামপুরা থেকে অবৈধভাবে অনুমোদনহীন কোম্পানির শেয়ার বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে। এর চার দিন পর প্লেসমেন্ট শেয়ার বণ্টরের নানা অনিয়ম খতিয়ে দেখতে নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে এসইসি।উল্লেখ্য, প্লেসমেন্টের মাধ্যমে পাওয়া শেয়ার সংশ্লিষ্ট কোম্পানির আইপিওর প্রসপেক্টাস অনুমোদন হওয়ার পর এক বছর পর্যন্ত বিক্রি বা হস্তান্তর বন্ধ (লকইন) থাকে। সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএসইর সভাপতি আল-মারুফ খান, তারেক কামাল, সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মামুন। ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, পুঁজিবাজারকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ওয়েবভিত্তিক সফটওয়্যার চালু করবে সিএসই। বিনিয়োগকারী এবং উদ্যোক্তা—উভয়ের সুবিধার্থে এ ধরনের আরও নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে। সিএসইর সভাপতি আরও বলেন, দেশের পুঁজিবাজার যেন শিল্পায়নে আরও বেশি করে ভূমিকা রাখতে পারে, সে জন্য বাজারে স্বচ্ছতা আনার চেষ্টাও অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানে জানানো হয়, পুঁজিবাজারকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং লেনদেন-প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করে যাচ্ছে সিএসই। রাজধানীর বিনিয়োগকারীরাও যাতে এ প্রচেষ্টার সুফল পান, সে জন্য ঢাকার প্রাণকেন্দ্র ইউনূস সেন্টারে ১৫ হাজার ৬৭১ বর্গফুটের একটি কার্যালয় নেওয়া হয়েছে। এর সাড়ে পাঁচ হাজার বর্গফুট সিএসইর নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে। আর বাকি জায়গা সিএসইর সদস্যদের ব্রোকারেজ হাউস খোলার জন্য উন্মুক্ত থাকবে। এতে ব্রোকারদের নেটওয়ার্ক বাড়বে। বাজারে আরও নতুন নতুন বিনিয়োগকারী আসবে। এ ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের জন্য থাকবে মানসম্মত আধুনিক স্টুডিও ও সংবাদপত্রের সাংবাদিকদের জন্য থাকবে ই-মেইলে সংবাদ পাঠানোর সুযোগ।অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৫ সালে সিএসই প্রতিষ্ঠার পর থেকে দেশের পুঁজিবাজারের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সিএসই প্রথম স্টক এক্সচেঞ্জ, যারা দেশে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড লেনদেন ব্যবস্থা চালু করেছে। আইপিওর বিকল্প পদ্ধতি বুক বিল্ডিংও সিএসইতে সর্বপ্রথম চালু হয়েছে। অনুষ্ঠানে আরও জানানো হয়, সিএসইর বেশ কয়েকটি সদস্য প্রতিষ্ঠান ইতিমধ্যে ইন্টারনেটভিত্তিক লেনদেন শুরু করেছে। এ ব্যবস্থাকে জনপ্রিয় করতে দেশের বিভিন্ন অঞ্চলে রোডশোর আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন পণ্য ও সেবা চালুর চেষ্টা চলছে।