ফজলুর রহমান এবি ব্যাংকের এমডি হচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতিতে বড় ছাড় দিয়ে বেসরকারি এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হচ্ছে ফজলুর রহমানকে। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে ‘পুঁজিবাজার তদন্ত কমিটি, ২০১১’ তাদের প্রতিবেদনে শেয়ারবাজারে শীর্ষ খেলোয়াড়দের যে তালিকা দিয়েছিল, সেখানে ফজলুর রহমান ও তাঁর স্ত্রী জেসমিন আরজুর নাম রয়েছে।সূত্র জানায়, ফজলুর রহমানকে এমডি করার জন্য পুঁজিবাজার থেকে সুবিধাভোগী একটি গোষ্ঠী তৎপর রয়েছে। এই গোষ্ঠীটি প্রভাব বিস্তার করে শেয়ারবাজার থেকে বড় অঙ্কের মুনাফা তুলে নিয়েছে এবং ২০১০ শেষে বাজার বিপর্যয়ের সঙ্গে যুক্ত ছিল। ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদনে শেয়ারবাজারে প্রথম পর্বে শীর্ষ খেলোয়াড়দের তালিকা উপস্থাপন করা হয়। এই তালিকায় ফজলুর রহমান ও তাঁর স্ত্রী জেসমিন আরজুর নাম আছে। প্রথম পর্বে তাঁদের লেনদেন ছিল ৩২ কোটি টাকা।ফজলুর রহমান সে সময় এবি ব্যাংকের বিনিয়োগ ব্যাংকিং বিশেষত শেয়ারবাজারে বিনিয়োগের দায়িত্ব পালন করেন বলে সূত্র জানায়। বাজারের উত্থান-পতনের সঙ্গে যাঁদের নাম তখন আলোচনায় আসে, তাঁদের মধ্যে ফজলুর রহমান অন্যতম। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বিধান অনুসারে কোনো ব্যাংকের এমডি হতে হলে ১৫ বছরের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হয়। সূত্র জানায়, ফজলুর রহমানের সে অভিজ্ঞতা নেই। তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাড়ে ১১ বছর কর্মরত রয়েছেন। এর মধ্যে এবি ব্যাংকে কর্মরত রয়েছেন নয় বছর সাত মাস আর আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্সে কর্মরত ছিলেন এক বছর ১০ মাস। জিএসপি ফাইন্যান্সের পর তিনি কন্টিনেন্টাল হাসপাতালে ১৯৯৭ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের আগস্ট পর্যন্ত কর্মরত থাকেন। এবি ব্যাংকে ডিএমডি পদে দায়িত্ব পালন করা পর্যন্ত ফজলুর রহমান বিনিয়োগ ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন। মূল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন বছর দুয়েক। এ বিষয়ে গত শনিবার রাতে টেলিফোনে যোগাযোগ করা হলে ফজলুর রহমান প্রথম আলোর কাছে বলেন, তাঁর এমডি হওয়ার প্রস্তাবটি যাঁদের বিবেচনার বিষয়, তাঁদের কাছে আছে। তাঁর অভিজ্ঞতা ১৫ বছর হয়নি এবং পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে তিনি ও তাঁর স্ত্রীর নাম রয়েছে উল্লেখ করলে ফজলুর রহমান বলেন, ‘এতে তো আমার কিছু বলার নেই। কমিটির প্রতিবেদনেই আছে। আমি এ বিষয়ে কী মত দেব?’ সূত্র জানায়, ফজলুর রহমানকে এমডি নিয়োগের জন্য এবি ব্যাংকের পক্ষ থেকে প্রথম বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে কথা বলা হয়। সবুজ সংকেত নিয়ে তবেই ব্যাংকের পর্ষদ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের আগ্রহের কারণে বিভাগ থেকে এখন প্রস্তাবটি অনুমোদনের পর ওপরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।