ফজলুল হক প্যানেলের তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেলের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে এফবিসিসিআইয়ের সালিসি বোর্ড। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ভবনে শুনানি শেষে সালিসি বোর্ড এ সিদ্ধান্ত জানায়। যাঁদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাঁরা হলেন: বিকেএমইএর সাবেক পরিচালক মাসুদুজ্জামান (মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), মাহবুবুল আলম (আনোয়ারা গ্রুপ) এবং মাহবুবুর রহমান (আর বি নিট)। এফবিসিসিআই সালিসি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক আহমেদ জামালের সভাপতিত্বে কমিটির অপর দুই সদস্য এফবিসিসিআইয়ের পরিচালক মাকসুদ আহমেদ ও নুরুল হকের সমন্বয়ে গঠিত বোর্ড উভয় পক্ষের বক্তব্য শুনে এ রায় প্রদান করেন। উল্লেখ্য, এর আগে বিকেএমইএ নির্বাচন পরিচালনা বোর্ড ফজলুল হক প্যানেলের তিনজনের মনোনয়নপত্র বাতিল করে দেয়। পরবর্তী সময়ে তাঁরা আপিল বোর্ডে আপিল করলে সেখানেও তা খারিজ হয়ে যায়। এরপর তাঁরা এফবিসিসিআইয়ের সালিসি বোর্ডে আপিল করেন। এই তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেল।