দেশের নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ২০১২-১৪ কার্যবছরের পরিচালনা পর্ষদের নির্বাচনে পর পর তিনবারের সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য প্রবীরকুমার সাহা ও এম সোলায়মানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সম্ভাব্য ৩২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেলের অন্যরা হলেন: এম এ রহমান, কাশেম জামাল, মাহবুব আলম, শেখ হায়দার আলী পুতুল, এম এ বাসেদ, আবু জাফর আহমেদ বাবুল, মাসুদুজ্জামান, জি এম হায়দার আলী বাবলু, খাজা আহসানউল্লাহ, আনোয়ার হোসেন, ফজলে শামীম এহসান, ফকির কামরুজ্জামান নাহিদ, ইমরান হোসাইন মিঠু, এমরান ফারুক মঈন, নওশের আলম, মতিউর রহমান, শামীম আহম্মেদ, ফয়সাল গোলাম হোসেন, এম কায়সার রিনকু, মাহবুবুর রহমান, শেখ ফখরুদ্দিন আলী আহমেদ, শেখ মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, শেখ আবদুস সালাম, আবু শাহরিয়ার জাহিদী, জুলফিকার আলী শিকদার, আবদুস সালাম সরকার, শামীম আহসান, নেয়ামুল করিম পিন্টু, মির্জা মোহাম্মদ জামসেদ আলী ও জাহিদুল হক ভূঁইয়া দীপু। এর আগে গত রোববার বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেলের ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেলিম ওসমান নারায়ণগঞ্জের বিতর্কিত আওয়ামী লীগের নেতা ও সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজিত শামীম ওসমানের বড় ভাই। বিকেএমইএর সচিব সুলভ চৌধুরী জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬৬ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়ে বিকেএমইএর পর পর তিনবারের সাবেক সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ভারত, লাওস নিটওয়্যার রপ্তানিতে গত এক বছরে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু বাংলাদেশের নিট খাতের রপ্তানি প্রবৃদ্ধির হার গত এক বছরে প্রায় শূন্যের কোঠায়। অথচ গত এক বছরে ওভেন গার্মেন্টস প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ শতাংশ।ফজলুল হক আরও বলেন, ‘আমার নেতৃত্বাধীন প্যানেল নির্বাচিত হলে নিট খাতে রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণগুলো অনুসন্ধান করে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।’