বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমানের নোট আজ রোববার বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে আজ এ নোট ইস্যু হবে। পরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয় থেকে নোটটি বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফজলে কবির স্বাক্ষরিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই থাকবে। শুধু গভর্নর হিসেবে ফজলে কবিরের স্বাক্ষরটি যুক্ত হবে। গত মার্চে নতুন গভর্নর হিসেবে যোগ দেওয়ার পর এই প্রথম তাঁর স্বাক্ষরিত টাকার নোট বাজারে আসছে। এর আগে তিনি যখন অর্থসচিব ছিলেন, তখনও সরকারি মুদ্রা হিসেবে প্রচলিত দুই টাকার নোটেও স্বাক্ষর করেছিলেন। ফলে এখন পর্যন্ত ফজলে কবিরই একমাত্র গভর্নর যাঁর বাংলাদেশের ব্যাংকের মুদ্রা ও সরকারি মুদ্রায় স্বাক্ষর রয়েছে।