ফটোগ্রাফিশিল্পে বড়ই দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটোগ্রাফিশিল্পে দুর্দিন
ফটোগ্রাফিশিল্পে দুর্দিন

বছর পাঁচেক আগেও শখ করে মানুষ স্টুডিওতে গিয়ে ছবি তুলত। বাঁধাই করে টাঙিয়ে রাখত বসার কিংবা শোবার ঘরে। তবে সময় পাল্টে গেছে। সবার হাতেই এখন ক্যামেরাসহ মুঠোফোন কিংবা স্মার্টফোন। ডিজিটাল ক্যামেরা আছে, এমন লোকের সংখ্যাও কম নয়। এসবই ফটোগ্রাফিশিল্পের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
ফটোগ্রাফিশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সবার হাতেই এখন স্মার্টফোন। মুঠোফোনে ছবি তুলে কম্পিউটার কিংবা ল্যাপটপে সংরক্ষণ করে তারা। ফলে মানুষ এখন আর স্টুডিওমুখী হচ্ছে না। আবার প্রয়োজনে ছবি তুললেও পরবর্তী সময়ে আর স্টুডিও থেকে সেসব ছবি প্রিন্টও করাচ্ছে না। তার চেয়ে নীলক্ষেত কিংবা পাড়া-মহল্লার কম্পিউটার ও ফটোকপির দোকান থেকে কম দামে নিম্নমানের ছবি প্রিন্ট করিয়ে নিচ্ছে। এসব কারণে একসময়ের ব্যস্ত স্টুডিও ও কালার ল্যাবগুলো এখন রুগ্ণপ্রায়।
অবশ্য স্মার্টফোন যে শুধু ফটোগ্রাফিশিল্পকে দুর্দশায় ফেলেছে, তা নয়; চিন্তায় পড়ে গেছে ডিজিটাল ক্যামেরা প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোও। কারণ, এরই মধ্যে বিশ্বব্যাপী ডিজিটাল ক্যামেরার বিক্রি বেশ কমেছে। অন্যদিকে, বাড়ছে স্মার্টফোনের বাজার। পিছিয়ে নেই ট্যাবলেটও।
সারা দেশে স্টুডিও ও কালারল্যাব রয়েছে আট হাজারের মতো। তবে বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সদস্য চার হাজার। দেশের ৩০ থেকে ৪০ হাজার মানুষ সরাসরি এ খাতের সঙ্গে জড়িত।
ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আক্কাস মাহমুদ প্রথম আলোকে জানান, ফটোগ্রাফিশিল্প এখন রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। পাঁচ বছরে দেশে ৫০ শতাংশ স্টুডিও ও ২০ শতাংশ কালার ল্যাব বন্ধ হয়ে গেছে। মাসে গড়ে বন্ধ হচ্ছে ৩০ থেকে ৪০টা স্টুডিও এবং চার-পাঁচটা কালার ল্যাব।
অ্যাসোসিয়েশনের হিসাবে, এক বছরে ঢাকায় আনুমানিক ৬০০ স্টুডিও ও কালার ল্যাব বন্ধ হয়েছে। সারা দেশে বন্ধ হয়েছে প্রায় দুই হাজার। মিরপুর-১-এ বছর পাঁচেক আগেও ১৪টি কালার ল্যাব ছিল। এখন আছে চারটি। মিরপুর-১০-এ কালার ল্যাব ১২টি থেকে কমে এসেছে ছয়টিতে।
মিরপুর-১-এর ক্লাসিক ফটো সার্ভিসের স্বত্বাধিকারী এ মাহবুব আলম এ প্রতিবেদককে জানান, এখন সবাই মোবাইলে ছবি তোলে। প্রিন্ট করে না। কয়েক বছর আগেও প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ছবি তুলতে স্টুডিওতে আসত। এখন আসে ১৫ থেকে ২০ জন। প্রয়োজন ছাড়া এখন আর কেউ স্টুডিওতে গিয়ে ছবি তোলে না।
স্টুডিওমালিকেরা জানান, পাড়া-মহল্লার বিভিন্ন স্থানের দোকান থেকেই এখন ছবি থেকে ছবি তোলা যায়। সে কারণে ছবি তোলার আগ্রহ অনেকের কমে গেছে, বছরের পর বছর একই ছবি ব্যবহার করেন তাঁরা।
বেশির ভাগ স্টুডিওরই কালার ল্যাব নেই। সে কারণে স্টুডিওগুলো কালার ল্যাব থেকে ছবি প্রিন্ট করিয়ে আনে। সে সময় কালার ল্যাবগুলো স্টুডিওর কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ ভ্যাট কেটে রাখে। এনবিআর আবার স্টুডিওর কাছ থেকে একই হারে ভ্যাট আদায় করে।
খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দুই দফা ভ্যাট দেওয়া কোনো খাতের জন্যই যুক্তিযুক্ত নয়। অথচ পাড়া-মহল্লার দোকানগুলো কোনো ভ্যাটই দিচ্ছে না। তাঁদের মতে, ছবি ছাপানোর কাগজ ও প্রয়োজনীয় রাসায়নিকের আমদানি শুল্ক কমালে কালার ল্যাবগুলো টিকে থাকবে। আর ভ্যাটের আওতা বাড়ানো গেলে টিকবে স্টুডিওগুলো।
স্টুডিও থেকে ছবি প্রিন্ট করানো কমে যাওয়ায় হুমকিতে পড়েছেন অ্যালবাম ও ছবির ফ্রেম ব্যবসায়ীরাও। ইস্কাটনের কালার প্লাসের ব্যবস্থাপক এম এ হোসেন জানান, আগে শুধু প্রতি বৃহস্পতিবারই আট থেকে ১০টি এলবাম বিক্রি হতো। এখন এক সপ্তাহেই বিক্রি হয় একটি বা দুটি।
বনশ্রীর সি-ব্লকের ফটো ম্যাক্সের স্বত্বাধিকারী জাকির খান জানান, এখন আর খুব বেশি লোকজন ছবি প্রিন্টও করে না, তাই এলবামও বিক্রি হয় না। তবে প্রতিদিন গড়ে এক-দুইটা ফটো ফ্রেম বিক্রি হয়।
ফটোগ্রাফিশিল্পের দুর্দশায় ভালো নেই এ খাতসংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের আমদানিকারকেরাও। একসময় লেজার টুনার, লেমিনেটিং পাউজ, ছবি প্রিন্ট করার কালার পেপার, রিফিল ইঙ্ক, স্পাইরাল বাইন্ডিং যন্ত্র, লেমিনেটিং যন্ত্রসহ বেশকিছু পণ্যের বিক্রি ভালো ছিল।
এসব পণ্যের আমদানিকারক পল্টনের মেট করপোরেশনের স্বত্বাধিকারী সানাউর রহমান পাটোয়ারী জানান, বিক্রি এখন অর্ধেকে নেমে আসায় আমদানিও কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আগে লেমিনেটিং পাউসের আমদানি শুল্ক ছিল ৫১ শতাংশ, এখন ১৬১ শতাংশ। কিন্তু আগে আমরা যে দামে পণ্যটি বিক্রি করতাম, এখনো একই দামেই বাজারে তা বিক্রি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিয়ে এটি আমদানি করে কম দামে বিক্রি করছে। সে কারণে আমরা এটির আমদানিই ছেড়ে দিয়েছি।’
স্মার্টফোনে মার খাচ্ছে ক্যামেরাও: ক্যানন, নাইকন, অলিম্পাস, সনি ও ফুজিফিল্ম ও প্যানাসনিকের মতো নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ক্যামেরার দাম অনেক কমিয়েছে। তাতে কী, স্মার্টফোনের বিল্ট-ইন ক্যামেরার কারণে আলাদা করে ক্যামেরা কিনতে এখন অনেকেই আগ্রহী নয়। এখনকার স্মার্টফোন ও ট্যাবলেটগুলোর ক্যামেরার মানও বেশ উন্নত। সে কারণেই বিশ্বব্যাপী এখন ক্যামেরার বিক্রি কমছে। আর এ জায়গাটা দখল করছে স্মার্টফোন।
টোকিওভিত্তিক ক্যামেরা অ্যান্ড ইমেজিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশন গত জুলাইতে বলেছে, ২০১৩ সালের প্রথম পাঁচ মাসে বিশ্বে ডিজিটাল ক্যামেরার রপ্তানি ২৯ শতাংশ কমেছে। বছর শেষে তা ৩০ শতাংশে গিয়ে ঠেকতে পারে। এবার ছয় কোটি ৮৬ লাখ ক্যামেরা রপ্তানি হতে পারে। গত বছরের রপ্তানি ছিল নয় কোটি ৮১ লাখ। একই মাসে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনমতে, ২০১৩ সালের প্রথম পাঁচ মাসে জাপানের ডিজিটাল ক্যামেরা রপ্তানি কমেছে ৪২ শতাংশ।
অন্যদিকে, বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানায়, এ বছর বিশ্বব্যাপী স্মার্টফোন রপ্তানি দাঁড়াতে পারে ৯২ কোটি ৮০ লাখে, যা আগের বছরের চেয়ে ৩২ শতাংশের বেশি।
আবার ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) হিসাবে, এ বছর স্মার্টফোনের রপ্তানি ১০০ কোটি ছাড়াতে পারে, যা আগের বছরের চেয়ে ৩৯ দশমিক ৩ শতাংশ বেশি। বিভিন্ন প্রতিষ্ঠান ক্রমেই দাম কমিয়ে দেওয়ায় তাদের স্মার্টফোনের বিক্রিও বেশ দ্রুতগতিতে বাড়ছে।
দুর্দশার তিন কারণ
১. প্রায় সবার হাতেই ক্যামেরা ফোন/স্মার্টফোন। ছবি তুলে তা ফোনে কিংবা কম্পিউটারেই সংরক্ষণ করছেন। ছবি প্রিন্ট করাচ্ছেন না
২. অনেকের কাছেই ডিজিটাল ক্যামেরা আছে। সেটা দিয়েই তারা ছবি তুলছেন। স্টুডিওতে যাচ্ছেন না
৩. পাড়া-মহল্লার দোকান এমনকি ফোন-ফ্যাক্সের দোকানেও আজকাল ছবি থেকে ছবি প্রিন্ট করা যায়। তাই অনেকেই নতুন করে ছবি না তুলে বছরের পর বছর একই ছবি ব্যবহার করছেন
৮০০০
স্টুডিও কালার ল্যাব আছে সারা দেশে। এক বছরে বন্ধ হয়েছে ২ হাজার। ঢাকায় বন্ধ ৬০০
৩০-৪০
হাজার মানুষ এই খাতে জড়িত