ফন্টেরার দুগ্ধপণ্য নিয়ে পরীক্ষার জবাব খুঁজছে নিউজিল্যান্ড
ভুল পরীক্ষার মাধ্যমে নিউজিল্যান্ডের বহুজাতিক কোম্পানি ফন্টেরার তৈরি টিনজাত দুগ্ধপণ্যে মারাত্মক বিষক্রিয়ার উপাদান থাকার কথা বলায় এর জবাব চেয়েছে সে দেশের সরকার। কারণ, ওই পরীক্ষার জের ধরে ফন্টেরা বৈশ্বিক বাজার থেকে পণ্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। পরীক্ষাটিকে সরকার কোম্পানিটির জন্য অস্বস্তি সৃষ্টির উপাখ্যান বলে চিহ্নিত করেছে। খবর এএফপির।
ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বলেন, ফন্টেরার তৈরি দুগ্ধপণ্য পরীক্ষা করে গত মাসের গোড়ার দিকে বলা হয়েছে যে তাতে ক্লোস্ট্রিডিয়াম বটুলিনামের মতো মারাত্মক ভাইরাসের সংক্রমণ রয়েছে। যে কারণে খাদ্যপণ্য উৎপাদনে সুনামধারী ফন্টেরার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং কোম্পানিটিকে চীন ও সৌদি আরবের বাজার থেকে ওই পণ্যটি তুলে নিতে হয়েছে।
ফন্টেরা অবশ্য সরকারকে জানিয়েছে, সরকারি সংস্থা এজি রিসার্চ পরিচালিত প্রাথমিক পরীক্ষা সঠিক ছিল না এবং তা সংকটের সৃষ্টি করেছে। আর পরবর্তী পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে ওই পণ্যে ক্লোস্ট্রিডিয়াম স্পোরোজেনেস নামের ব্যাকটেরিয়ার অস্তিত্ব রয়েছে, যেটি প্রকৃতপক্ষে ভোক্তাদের জন্যকখনোই বিষাক্ত ও বিপজ্জনক কোনো উপাদান নয়।
এ অবস্থায় বাণিজ্যমন্ত্রী টিম গ্রোসার রেডিও নিউজিল্যান্ডকে বলেন, ‘গোটা বিষয়টাই দেশের জন্য বিব্রতকর।’ তিনি আরও বলেন, ‘এ জন্য আমাদের যে মূল্য দিতে হচ্ছিল, সেই সত্য আমি কখনোই গোপন করতে চাইনি।’
নিউজিল্যান্ডের মোট রপ্তানি আয়ের ২৫ শতাংশই আসে দুগ্ধশিল্প খাত থেকে। সে জন্য বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের ভুল বা মিথ্যা ঘটনার পরিণাম গুরুতর হয়। সে জন্য এভাবে ক্ষতিপূরণ মামলায় পড়ে আর যাতে ক্ষতিপূরণ দিতে না হয়, সে জন্য কোম্পানিগুলোকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ।
এদিকে নিউজিল্যান্ডের প্রাথমিক শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এজি রিসার্চের পরীক্ষার মান নিয়ে এত দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এ ব্যাপারে আরও তদন্ত হতে পারে।