ফরচুন সাময়িকীর তালিকায় গ্রামীণ ব্যাংক
বৈশ্বিক পরিবর্তনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে শীর্ষ ৫১টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে বিশ্বখ্যাত ফরচুন সাময়িকী। এ তালিকায় রয়েছে বাংলাদেশের নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এই ব্যাংকের অবস্থান ১২তম।
গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। মূলত দরিদ্র লোকজনকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে দারিদ্র্য বিমোচন এবং তাঁদের ব্যাংকিং সুবিধার আওতায় আনার স্বীকৃতিস্বরূপ গ্রামীণ ব্যাংককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফরচুন সাময়িকীর অনলাইন সংস্করণে দেখা গেছে, এ তালিকায় শীর্ষে রয়েছে ভোডাফোন অ্যান্ড সাফারিকম। শীর্ষ ১০-এ থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: গুগল, টয়োটা, ওয়ালমার্ট, অ্যানেল, জিএসকে, জৈন ইরিগেশন সিস্টেম, সিসকো, নোভার্টিস ও ফেসবুক। আর ১১তম স্থানে রয়েছে মাস্টারকার্ড। এ ছাড়া তালিকায় ১৪তম স্থানে আছে গ্রামীণের সহযোগী সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান ড্যানোন। এই প্রতিষ্ঠানগুলো শুধু মুনাফার জন্য নয়, সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও কাজ করে থাকে।