ফরমালিন আমদানির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরমালিন আমদানির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক
ফরমালিন আমদানির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

ফরমালিন আমদানির তথ্য-উপাত্ত চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত তিন বছরে অর্থাৎ ২০১১, ১২ ও ১৩ সালে কোন ব্যাংকের মাধ্যমে কী পরিমাণ ফরমালিন দেশে আমদানি হয়েছে, সে তথ্য দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।
১০ জানুয়ারির মধ্যেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিচালন বিভাগে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
পচনশীল পণ্য, বিশেষত খাদ্যপণ্যে গণহারে ফরমালিন ব্যবহারের অভিযোগ রয়েছে। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিক দ্রব্য খাদ্যদ্রব্যে মিশ্রণ নিয়েও জনমনে রয়েছে ব্যাপক অসন্তোষ। তা সত্ত্বেও এর ব্যবহার দিন দিন বৃদ্ধির আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ফরমালিনের ব্যবহার আগের তুলনায় অনেকটা কমেছে। খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার বন্ধে সরকারের নেওয়া নানা পদক্ষেপেরও বর্ণনা মিলছে।
এমন পরিস্থিতিতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ফরমালিন আমদানির তথ্য চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে। বাংলাদেশ ব্যাংক পৃথকভাবে এই তথ্যটি সংরক্ষণ করে না। কিন্তু ব্যাংকগুলোতে আমদানির কাগজপত্রে এসব তথ্য থাকবে। কেন্দ্রীয় ব্যাংক তাই ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বলে সূত্র জানায়।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে ফরমালিন আমদানি কমছে। সর্বশেষ ২০১১-১২ অর্থবছরে ফরমালিন আমদানি হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৯৬ কেজি। এর আগের অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে যার পরিমাণ ছিল দুই লাখ ৬৯ হাজার ৩৩৩ কেজি। আর ২০০৯-১০ অর্থবছরে ফরমালিন আমদানির পরিমাণ হয়েছিল পাঁচ লাখ ৪৪ হাজার ৮৪৬ কেজি। ফরমালিন ব্যবহারের ওপর সরকার ও বেসরকারি খাতের নজরদারির কারণে এর আমদানি ও ব্যবহার কমছে বলে এনবিআরের কর্মকর্তারা দাবি করেন।