ফরমালিন খোলাবাজারে বিক্রি বন্ধে মানববন্ধন
খোলাবাজারে ফরমালিন বিক্রি বন্ধের দাবিতে এবার সোচ্চার হয়েছেন বিভিন্ন কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
শুধু ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ফরমালিন আমদানি, বিক্রি ও বিতরণ এবং দ্রুত ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাস করানোর দাবিতে গতকাল বুধবার রাজধানীর নয়টি বাজারের ব্যবসায়ীরা তাঁদের পণ্য বিক্রি ১৫ মিনিট বন্ধ রেখে মানববন্ধন করেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ঘোষিত নয়টি ফরমালিনমুক্ত বাজারের ব্যবসায়ীরা গতকাল দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন।
মালিবাগ বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, অভিনেত্রী রোকেয়া প্রাচী, এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন।
মানববন্ধনে সুলতানা কামাল বলেন, বিষমুক্ত ও নির্ভেজাল খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তাই সরকারকে এ বিষয়ে আরও সোচ্চার হতে হবে। ফরমালিন নিয়ন্ত্রণ আইন দ্রুত প্রণয়ন এবং দেশের প্রচলিত আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের ও আগামী প্রজন্মের জন্যই ফরমালিন ও বিষমুক্ত খাবার চাই। এ জন্য নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
হেলাল উদ্দিন বলেন, এফবিসিসিআইয়ের উদ্যোগে বেশ কয়েক মাস আগ থেকে বিভিন্ন বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করা হয়েছে। কিন্তু খোলাবাজারে ফরমালিন বিক্রি বন্ধ করা না যায়, তাহলে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ করা যাবে না।
মালিবাগ ছাড়াও বাদামতলীতে ফলের বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, কাপ্তানবাজার (ঠাটারীবাজার), গুলশান ২ নম্বর বাজার, শান্তিনগর বাজার, মহাখালী বাজার, আজমপুর-উত্তরা ৬ নম্বর সেক্টরের বাজার, মিরপুর-১-এ শাহ্ আলী বাজারেও মানববন্ধন হয়েছে।
এ ছাড়া, ঢাকার বাইরে ময়মনসিংহ, বগুড়া ও চট্টগ্রামে ফরমালিনমুক্ত ঘোষিত হওয়া বাজারগুলোতেও একই ধরনের কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।