আগামী জুনের মধ্যে ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ জাতীয় সংসদে পাস হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
একই সঙ্গে মন্ত্রী খাদ্যে ফরমালিন মেশানোর অপরাধে শাস্তি ১০ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করা হবে বলেও জানান।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ সাজা দুই বছরের কারাদণ্ড। এটা এ আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সে জন্য আইনে বিশেষ আদালতে বিচার করার বিধান রাখা হবে। তিনি বলেন, শুধু আইন করলেই হবে না, এর বাস্তবায়নও করতে হবে। এ জন্য ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ফরমালিনের অপব্যবহারকারীদের জন্য এই আইন করা হচ্ছে যেন ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা যায়। ইতিমধ্যে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধনের ব্যবস্থাও করা হয়েছে। এর কারণে ফরমালিনের আমদানি কমেছে।
আইন মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক বলেন, জনস্বাস্থ্য রক্ষায় শিগগিরই এ আইন পাস করা হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ফরমালিনের উৎপাদন, আমদানি, পরিবহন, মজুত ও ব্যবহারে কঠোর আইন করার পাশাপাশি এ আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব করেন। এ সময় তিনি বলেন, খাদ্যে ভেজাল না থাকলে বাংলাদেশের মানুষের গড় আয়ু হতো ৮৫ বছর।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, খাদ্যে ফরমালিন মেশানো হলে ভারতে যাবজ্জীবন, চীনে মৃত্যুদণ্ড এবং যুক্তরাষ্ট্রে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সে অনুযায়ী বাংলাদেশেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হোক। এ ছাড়া ফরমালিনের অবাধ আমদানি বন্ধ করতে শুধু সরকারি পর্যায়ে টিসিবির মাধ্যমে আমদানির প্রস্তাব দেওয়া হয়।