ফরমালিনের অপব্যবহার রোধে আইন সংশোধন করে অপব্যবহারকারীর শাস্তি বাড়ানো হবে। একই সঙ্গে ফরমালিন আমদানি, বিক্রি ও ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করতে হবে এবং সরকারকে জানাতে হবে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এসব কথা বলেছেন।রাজধানীর মালিবাগ বাজারকে গতকাল বুধবার ফরমালিনমুক্ত ঘোষণা করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ কার্যক্রম উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।এখন থেকে মালিবাগ বাজারে সারা দেশ থেকে বিক্রির জন্য আনা মাছ ও ফল আগে ডি-হাইড্রেট মেশিন দিয়ে পরীক্ষা করে তারপর বিক্রির অনুমতি দেওয়া হবে। আর কোনো মাছ ও ফলে ফরমালিন পাওয়া গেলে তা নষ্ট করা হবে। পরীক্ষার কাজটি করবে মালিবাগ বাজার কমিটি। কমিটির চারজন সদস্যকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন, সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নাসির উদ্দিন, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।